২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় বছর পর জগন্নাথে বুদ্ধমূর্তিটি উন্মোচন

নয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ৩০ ফুট উচ্চতার বুদ্ধমূর্তিটি এক জমকালো উৎসবের মধ্য দিয়ে উন্মোচন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 01:47 AM

Updated : 25 Apr 2022, 01:19 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের উপাসনালয়ে এক আলোচনা সভায় এই বৌদ্ধমূর্তি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।  

বুদ্ধ মূর্তি উন্মোচন কমিটির উদ্যাগে ‘বুদ্ধ মূর্তি উন্মোচন ও জীবন্যাস’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অহিংসা, সাম্য ও শান্তির প্রতীক এই বুদ্ধমূর্তিটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০০৬ সালে কিন্তু উচ্চতা নিয়ে উদ্যোক্তা, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে মতবিরোধের কারণে এতদিন তা আটকে ছিল।

এর আগে সকাল ৯টার দিকে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু সংঘরাজ ধর্মসেন মহাস্থবির মন্ত্রপাঠ করে এই বুদ্ধমূর্তিটিতে ‘জীবন্যাস’ করেন।

আরেফিন সিদ্দিক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িকতার চেতনার বিশ্বাস করে। সেই বিশ্বাসেই আমাদেরকে এই মানবতায় প্রতিষ্ঠিত করেছে। এই মূর্তি মানবতার প্রতীক। এই মূর্তির সাথে ছবি তুলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সেই মানবতাকে আর্দশ হিসেবে ধারণ করবে।”  

পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের তৎকালীন চেয়ারম্যান সুকোমল বড়ুয়ার উদ্যোগে মূর্তিটির নির্মাণকাজ শুরু হয়েছিল।

আলোচনা সভায় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এটি নির্মাণ করতে গিয়ে অনেক কষ্ট পেয়েছি। এর জন্য কাজ করতে গিয়ে আমাকে বাসা ছাড়তে হয়েছিল। আমার বাসায় মূর্তি নির্মাণের ইট-বালি রাখা হত। এত দিন পর আমাদের স্বপ্ন পূর্ণ হয়েছে। আমি ধন্য। সকলের প্রতি কৃতজ্ঞ।”

বুদ্ধমূর্তিটি নির্মাণে অর্থায়ন করেছেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি-ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী।

সুকোমল বড়ুয়া বলেন, তিনি এগিয়ে না এলে হয়ত বৃহৎ, দৃষ্টিনন্দন, শান্ত, সৌম্য এই মূর্তিটি তৈরি করা সম্ভব হত না। যখন পরিকল্পনা করা হয়েছে, তখন বোঝা যায়নি যে ৫০-৬০ লাখ টাকা লেগে যাবে।

স্বপন বড়ুয়া বলেন, “আমি ন্যায়ের বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত ছিলাম যে, বুদ্ধমূর্তিটি প্রতিষ্ঠা করতে পারব। আমার মনে অনেক কষ্ট লাগে। আমি রাতদিন খেটেছিলাম।”

বৌদ্ধমূর্তি উন্মোচন কমিটির সদস্যরা জানান, এই মূর্তির উচ্চতা ৩০ ফুট, প্রস্থ ১৬ ফুট, মাটির নিচে প্রায় ১৬ ফুট গভীর সম্পূর্ণ পাথর দিয়ে ঢালাই করা আরসিসি কলাম দ্বারা নির্মিত।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত সংঘমনীষা সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের, বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা, কলকাতার সাধারণ সম্পাদক বৌধিপাল মহাথের প্রমুখ।