যুদ্ধাপরাধ: হবিগঞ্জের দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দাখিলের নির্দেশ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হবিগঞ্জের দুই সহোদর মহিবুর রহমান ওরফে বড় মিয়া ও মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়ার বিরুদ্ধে আগামী ১৭ মের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
এ মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন অথবা অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য ছিল বৃহস্পতিবার। মামলাটির তদন্ত শেষ হয়েছে জানিয়ে অভিযোগ দাখিলের জন্য আরও সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ মের মধ্যে অভিযোগ দাখিলের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
এর আগে বুধবার এ দুই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মহিবুর রহমান (৬৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার ভাই মুজিবুর রহমান (৬০) ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চারটি ঘটনায় হত্যা, অপহরণ, আটক নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের অভিযোগ এনেছে তদন্ত সংস্থা।
গ্রেপ্তারকৃত এই দুই ব্যক্তির বিরুদ্ধে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি তদন্ত শুরু হয়ে এবছর ২৮ এপ্রিল তা শেষ হয়। এতে ২১ জন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেছেন তদন্তকারী কর্মকর্তা।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে নেজামে ইসলামের এমএনএ সৈংদ কামরুল আহসানের বাড়িতে রাজাকার ক্যাম্প ও টর্চার সেল ছিল।
মহিবুর রহমান ও মুজিবুর রহমানর বড় ভাই কলমধর ছিলেন খাগাউড়া ইউনিয়নের শান্তি কমিটির চেয়ারম্যান এবং ছোট ভাই মোস্তফা ছিলেন রাজাকার কমান্ডার। গ্রেপ্তার দুজনও রাজাকার বাহিনীতে ছিলেন।
গত ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মহিবুর ও মুজিবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আদেশের পর ওই দিনই বানিয়াচং থেকে তাদের গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। ট্রাইব্যুনালে হাজিরের পর তাদের কারাগারে পাঠানো হয়।
এই দুজনের বিরুদ্ধে ২০০৯ সালে মুক্তিযোদ্ধা আকল মিয়ার স্ত্রী ভিংরাজ বিবি বাদী হয়ে হবিগঞ্জের আদালতে মামলা করেন।
