ব্যাংকের গাড়ি খাদে, পুলিশ সদস্য নিহত
পিরোজপুরের কাউখালি উপজেলায় ব্যাংকের একটি মাইক্রোবাস খাদে পড়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হন চার জন।
কাউখালি থানার ওসি মো. জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঝালকাঠী-পিরোজপুর সড়কের শিয়ালকাঠি নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রেমানন্দ মিন্ত্রী (৪০) পিরোজপুরের মঠবাড়ি উপজেলা আদালতের এটিএসআই (সিনিয়র হাবিলদার) পদে কর্মরত ছিলেন।
তিনি ঝালকাঠী সদর উপজেরার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বীরেন্দ্র নাথ মিস্ত্রীর ছেলে বলে জানান ওসি।
আহত মাইক্রোবাস চালক বিপ্লব রায়সহ চার জনকে ঝালকাঠীর রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের নাম জানা যায়নি।
বিপ্লব রায় জানান, পিরোজপুর সোনালী ব্যাংকে টাকা সরবরাহ শেষে বরিশাল যাওয়ার সময় গাড়িটির ব্রেক ফেল করলে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এর আগে পথে তাদের গাড়িতে উঠেছিলেন পুলিশ সদস্য প্রেমানন্দ। তার ঝালকাঠী যাওয়ার কথা ছিল।
কাউখালির ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ঘটনাস্থলের নিকটবর্তী ঝালকাঠীর রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে জানান বিপ্লব।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনা কবলিতদের মধ্যে প্রেমানন্দ মিন্ত্রীকে মৃতাবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়েছে।
এ ব্যাপারে কাউখালি থানার ওসি মো. জাহাঙ্গির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তমকারা এবং নিহতের পরিবার ঘটনাস্থলে আসছেন।
লাশের ময়নাতদন্তসহ আইনি অনান্য ব্যবস্থা পুলিশ সুপারের সিদ্ধান্তের পর নেওয়া হবে বলে জানান তিনি।
