গিয়াস কাদেরের বাড়িতে হামলার অভিযোগ
সাইফউদ্দিন কাদের চৌধুরীর জানাজার পর তার চাচাত ভাই আওয়ামী লীগ সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর সঙ্গী আওয়ামী লীগের একদল নেতা-কর্মী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই সাইফুদ্দিন বুধবার মারা যান। ভাই বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে চট্টগ্রামের রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে এক সময় এনডিপিতে থাকা এবং পরে আওয়ামী লীগে যোগ দিয়ে রাউজানের এখনকার সংসদ সদস্য ফজলে করিমও জানাজায় ছিলেন। তার সঙ্গে গিয়াস কাদেরের পরিবারের সদস্যদের আচরণে ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল বলে স্থানীয়র জানিয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে সাইফউদ্দিন কাদেরের জানাজার পর চাচাত ভাইয়ের লাশের মুখ দেখতে যান ফজলে করিম। তখন সাইফউদ্দিনের ছেলে তাকে লাশ ছুঁতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে উঠে ফজলে করিমের অনুসারীরা।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাইকে দাফনের আগে ফজলে করিমের অনুসারী আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাদের বাড়িতে এবং উঠানে রাখা বিভিন্ন গাড়ি ভাংচুর শুরু করে। ১৫-২০টির মতো গাড়ি ভাংচুর করে তারা।
এসময় পুলিশও হামলাকারীদের পক্ষ নেয় বলে অভিযোগ করেন গিয়াস কাদের। তবে এ বিষয়ে কথা বলতে রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি তিনি।
