২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা গণপূর্ত কার্যালয়ে তালা

বকেয়ার পরিশোধের দাবিতে গাইবান্ধায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তালা দিয়ে অবস্থান ধর্মঘট করছেন ঠিকাদাররা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 04:52 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

বুধবার সকাল ১০টা থেকে সোয়া ১২টা পর্যন্ত তারা কার্যালয়ে তালা দিয়ে সামনে অবস্থান করেন।

ঠিকাদারদের অভিযোগ, ২০০২-০৩ থেকে ২০১১-১২ অর্থবছর পর্যন্ত বিভাগের কাছে ঠিকাদারদের মোট পাওনা দুই কোটি ৩০ লাখ টাকা দাঁড়িয়েছে।

এর মধ্যে থেকে সম্প্রতি ৭০ লাখের মতো টাকা বরাদ্দ মঞ্জুর করা হয়। কিন্তু বিভাগের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে সে অর্থ একজন ঠিকাদারকে দেওয়ার ব্যবস্থা করা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা গণপূর্ত বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির আহ্বায়ক সারোয়ার হোসেন শাহীন, যুগ্ম আহ্বায়ক লিটন আখতার, নেসার আহমেদ সুফি, রুহুল আহম্মেদ, একরাম হোসেন প্রমুখ।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা বলেন, “টাকা বরাদ্দের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।এখানে আমার করণীয় কিছু নেই।”

মঞ্জুর করা ৭০ লাখ টাকার ব্যাপারে তিনি বলেন, “আমি সবগুলো বিল করে একসঙ্গে ঢাকায় পাঠিয়েছি। কিন্তু সেখান থেকে শুধু একজন ঠিকাদারের নামে ৭০ লাখ টাকার চেক আসে।”

এতে তাদের হাত নেই বলে জানান দেবাশীষ।