গোপালগঞ্জে হাসপাতাল কর্মচারীকে হত্যা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক হাসপাতাল কর্মচারীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার উপজেলার মাঠলা গ্রামে এ হত্যাকাণ্ড হয়।
নিহত সাইফুজ্জামান সমাদ্দার (৫৫) সদর উপজেলার গোপীনাথপুর স্বাস্থ্য কেন্দ্রের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। তার বাড়ি কাশিয়ানী উপজেলার মাঠলা গ্রামে।
কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন সাইফুজ্জামানকে কুপিয়ে, পিটিয়ে ও হাত-পায়ের রগ কেটে জখম করে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মনিরুল আরও জানান, প্রায় তিন মাস আগে মেয়েঘটিত বিষয় নিয়ে সাইফুজ্জামান প্রতিপক্ষ শহিদ সমাদ্দারের ছেলে মিলন সমাদ্দারের পায়ের রগ কেটে দেয়।
এর জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
