২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্থিতির’ পথ বাংলাদেশ খুঁজে পাবে, আশা বান কি-মুনের

উন্নয়ন ও রাজনৈতিক স্থিতির স্বার্থে শিগগির বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের উদ্যোগে একটি উপায় বের করে আনবে বলে আশা করছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2015, 01:19 AM

Updated : 22 Aug 2022, 12:10 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ই-মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই প্রতিবেদকের পাঠানো এক প্রশ্নে এমন জবাব মিলেছে।   

জাতিসংঘ মহাসচিবের কাছে জানতে চাওয়া হয়েছিল- ‘বিএনপি জোটের ৯২ দিনের অবরোধ ও এর পাশাপাশি হরতালে ব্যাপক প্রাণহানির জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জোটের নেতাদের বিচারের সম্মুখীন করা উচিত বলে জাতিসংঘ মনে করে কিনা?’

জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেনি ডুজারিক বলেন, “জাতিসংঘ মহাসচিব আশা করছেন বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং স্থিতির স্বার্থে খুব শিগগির রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যেকার মতভেদ দূর করতে একটি উপায় খুঁজে বের করবে।

“জাতিসংঘ এ ব্যাপারে বাংলাদেশকে যে কোন ধরনের সহায়তা দিতে সম্পূর্ণভাবে অঙ্গীকারাবদ্ধ।”

গত কয়েক সপ্তাহ ধরে জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হচ্ছে।

টানা অবরোধে পেট্রোল বোমা হামলার পাশাপাশি সহিংসতায় ব্যাপক প্রাণহানির জন্য এরই মধ্যে সরকারি দল ছাড়াও বিভিন্ন মহল থেকে বিএনপি চেয়ারপারসনকে বিচারের আওতায় নেওয়ার দাবি উঠেছে।