পিরোজপুরে শিক্ষক লাঞ্ছনা তদন্তে আরও এক কমিটি
পিরোজপুরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে এক পরীক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় এবার তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাসকে আহ্বায়ক করে এই কমিটিতে যুগ্ম-সচিব (কলেজ) মোল্লা জালাল উদ্দিন ও মিরপুর বাংলা কলেজের অধ্যক্ষ মো. ইমাম হোসেনকে সদস্য করা হয়েছে।
গত ৯ এপ্রিল এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছিলেন সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল ইসলাম উচ্চস্বরে মোবাইলে কথা বলতে বলতে একটি পরীক্ষা কক্ষে প্রবেশ করেন।
এ সময় মোনতাজ উদ্দিন তার পরিচয় জানতে চাইলে আশ্রাফুল ক্ষুব্ধ হয়ে তাকে লাঞ্ছিত করেন। পরে প্রকাশ্যে নিজের পা ধরে ওই শিক্ষককে ক্ষমা চাইতে বাধ্য করেন আশ্রাফুল।
ম্যাজিস্ট্রেটের পা ধরে ওই শিক্ষকের ক্ষমা চাওয়ার ছবি ফেইসবুকসহ স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এই ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন হাওলাদারও সেখানে উপস্থিত ছিলেন।
ঘটনা তদন্তে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং বরিশাল শিক্ষা বোর্ড পৃথক তদন্ত কমিটি গঠন করে।
