২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে শিক্ষক লাঞ্ছনা তদন্তে কমিটি

পিরোজপুরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে এক পরীক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2015, 10:45 PM

Updated : 22 Aug 2022, 12:07 PM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং বরিশাল শিক্ষা বোর্ড মঙ্গলবার পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী।

মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উভয় কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত ৯ এপ্রিল এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছিলেন সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিন।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল ইসলাম উচ্চস্বরে মোবাইলে কথা বলতে বলতে একটি পরীক্ষা কক্ষে প্রবেশ করেন।

এ সময় মোনতাজ উদ্দিন তার পরিচয় জানতে চাইলে আশ্রাফুল ক্ষুব্ধ হয়ে তাকে লাঞ্ছিত করেন। পরে প্রকাশ্যে ম্যাজিস্ট্রেটের পা ধরে ওই শিক্ষককে ক্ষমা চাইতে বাধ্য করেন আশ্রাফুল।

ম্যাজিস্ট্রেটের পা ধরে ওই শিক্ষকের ক্ষমা চাওয়ার ছবি ফেইসবুকসহ স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এই ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন হাওলাদারও সেখানে উপস্থিত ছিলেন।

ঢালী বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইঞার সঙ্গে কথা বলেছেন। মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেবেনে বলে শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন।

মাউশির তদন্ত কমিটির আহ্ববায়ক করা হয়েছে পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালককে। আর বরিশালে বোর্ড গঠিত কমিটির প্রধান করা হয়েছে ওই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে।