২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 08:04 PM

Updated : 22 Aug 2022, 12:09 PM

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিজিবির শ্রীমঙ্গল সেক্টরেরর ব্যবস্থাপনায় এ পতাকা বৈঠক চলে।

শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল মো. তারিকুল ইসলাম খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পতাকা বৈঠকে দুদেশের সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

উভয়পক্ষ সীমান্তের ‘জিরো লাইন’ অবৈধভাবে অতিক্রম করার বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানোর বিষয়ে একমত হন।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে ধলই ও খোয়াই নদীর তীর সংরক্ষণমূলক কাজ ত্বরান্বিত করা, বাংলাদেশের অভ্যন্তরে ফেনসিডিল, গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য পাচার রোধে কঠোর নজরদারি বাড়ানোর জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. তারিকুল ইসলাম খাঁন এবং ভারতের পক্ষে বিএসএফ পানিসাগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ডি কে শর্মা ও তেলিয়ামুড়া সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী রাজিব সিনহা নেতৃত্ব দেন।

এছাড়া বিজিবি ও বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কগণ এবং সেক্টর ও ব্যাটালিয়নের স্টাফ অফিসারগণ অংশ নেন।