যমুনা রিসোর্টের চুক্তি বাতিলের নোটিস স্থগিত
বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে গড়ে ওঠা যমুনা রিসোর্ট লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চুক্তি (কনসেসন এগ্রিমেন্ট) বাতিলের নোটিসের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
পাশাপাশি যমুনা রিসোর্ট লিমিটেডের (জেআরএল) ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বাধা না দিতেও নির্দেশ দিয়েছে আদালত।
এর ফলে ওই স্থানে রিসোর্টের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে ‘আইনগত কোনো বাধা নেই’ বলে জানিয়েছেন আইনজীবী মারগুব কবির।
যমুনা রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের করা এক আবেদন শুনে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। ব্যারিস্টার মারগুব কবির তাকে সহায়তা করেন।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব তীরে টাঙ্গাইলের ভূঞাপুর ও কালিহাতী উপজেলায় অবকাশযাপন কেন্দ্র গড়ে তুলতে ১৯৯৯ সালের ২১ নভেম্বর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ বছর মেয়াদে প্রায় এক হাজার ২০০ একর জমি ইজারা নেয় যমুনা রিসোর্ট কর্তৃপক্ষ।
কিন্তু চুক্তি অনুসারে পাওনা পরিশোধ ও সার্টিফিকেট অব সেটিসফেকশন (সিএস) স্বাক্ষর না করার কারণ দেখিয়ে জেআরএলের সঙ্গে ওই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ।
এর ধারাবাহিকতায় ১ এপ্রিল চুক্তি বাতিলের নোটিস দেওয়া হলে জেআরএল কর্তৃপক্ষ ঢাকা জেলা জজ আদালতে সালিশী মামলা করে।
আদালত প্রাথমিক শুনানি নিয়ে ২ এপ্রিল ওই সিদ্ধান্তের ওপর স্থিতাবস্থা দেয়। আর শুনানি শেষে ২২ এপ্রিল আবেদনটি খারিজ করে দেয় আদালত।
এর বিরুদ্ধে জেআরএল হাই কোর্টে গেলে বৃহস্পতিবার শুনানি করে আদালত নোটিস স্থগিতের পাশাপাশি রুল জারি করে।
জেআরএলের মামলা খারিজের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না- রুলে তা সেতু কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে হাই কোর্ট।
আদেশের পর মারগুব কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চুক্তি বাতিলের আগে কারণ দর্শানোর জন্য শর্ত অনুসারে যথাযথ সময় দেওয়া হয়নি। এমনকি জায়গা সঠিক সময়ে হস্তান্তর না করেই জেআরএলের কাছে পাওনা দাবি করা হয়েছে। সেতু কর্তৃপক্ষের সঙ্গে জেআরএলের সালিশ প্রক্রিয়াধীন। এ অবস্থায় নোটিস দিয়ে চুক্তি বাতিল করায় আবেদনটি করা হয়।”
