বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্কোন্নয়নে মতৈক্য
ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বেশ কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের শীর্ষ নেতারা একমত হয়েছেন।
বৃহস্পতিবার জাকার্তা কনভেনশন সেন্টারে এশিয়ান-আফ্রিকান সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দ্বিপক্ষীয় বৈঠক করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “দুই নেতাই উন্নয়নশীল দেশের (সাউথ-সাউথ) সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন।
“মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন পণ্যের জন্য ইন্দোনেশিয়ার বাজার সুবিধা চেয়েছেন। তিনি বলেছেন, সময় এসেছে নিজেদের মধ্যে ভালো করে ব্যবসা-বাণিজ্য করার।”
একইসঙ্গে জাহাজ নির্মাণসহ সমুদ্রবিষয়ক ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগাতেও দেশটির প্রেসিডেন্টের কাছে শেখ হাসিনা সহায়তা চেয়েছেন।
এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তার দেশের কয়লা, ক্লিংকার, মরিচ, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের জন্য বাংলাদেশে বাজারসুবিধা চেয়েছেন।
একইসঙ্গে জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে দুই দেশের মধ্যে যৌথ প্রশিক্ষণের জন্য সহায়তার উপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামিদাল্লাহর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
দুই দেশের মধ্যে জয়েন্ট কমিশনের বৈঠক নিয়মিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বৈঠকে।
দুই শীর্ষ নেতা বৈঠকে দুই দেশের মধ্যে একটি যৌথ বিবৃতি অনুমোদন করেছেন বলেও জানিয়েছেন পররাষ্ট্রসচিব।
তিনি বলেন, যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইন্দোনেশিয়ার বাজারে ১২৯টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়েছে। বাংলাদেশের এ প্রস্তাব তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন বলে জানিয়েছেন।
তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হয়েছে যৌথ বিবৃতিতে। এছাড়া কৃষি, পর্যটন, শিক্ষা-সংস্কৃতি, জাহাজ নির্মাণ ও সমুদ্র বিষয়েও পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে এতে।
জঙ্গিবাদ ও সহিংসতা দমনে দুই দেশের একসঙ্গে কাজ করারও অঙ্গীকার করা হয়েছে যৌথ বিবৃতিতে।
এছাড়া কৃষি, বিদ্যুৎ, সমুদ্র বিষয়ে সহায়তার জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা হবে এবং ২০১৫ সালের শেষদিকে দুই দেশের জয়েন্ট কমিশনের বৈঠক হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
সম্মেলনের বিরতিতে কনভেনশন সেন্টারে বিক্রয় কেন্দ্রে প্রধানমন্ত্রী
সম্মেলনের বিরতিতে কনভেনশন সেন্টারে বিক্রয় কেন্দ্রে প্রধানমন্ত্রী
সম্মেলনের বিরতিতে কনভেনশন সেন্টারে একটি বিক্রয়কেন্দ্রে যান প্রধানমন্ত্রী। স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য দেখে কয়েকটি কেনেন তিনি।
বিক্রয়কেন্দ্রের কর্মীদের কাজ দেখে নিজেও কিছু সময়ের জন্য সুই-সুতোয় হাত লাগান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
