২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি উপাচার্যের ভোট চাইলেন আফরোজা

নির্বাচনী প্রচারে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জন্য ভোট চেয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 02:07 PM

Updated : 25 Apr 2022, 01:17 PM

মামলা মাথায় নিয়ে আব্বাস প্রচারের মাঠে না আসায় আফরোজাই তার পক্ষে ঘুরে ঘরে ভোট চাইছেন। এর অংশ হিসাবে বৃহস্পতিবার তিনি যান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

আফরোজা যখন রেজিস্ট্রার ভবনে পৌঁছান, অধ্যাপক আরেফিন সিদ্দিক তখন বৈঠকে।মিনিট পাঁচেক অপেক্ষার পর উপাচার্যের দেখা পান আব্বাসের স্ত্রী। 

শুভেচ্ছা বিনিময়ের পর আরেফিন সিদ্দিক প্রচার কেমন চলছে জানতে চান আফরোজার কাছে। জবাবে আফরোজা বলেন, “ভালই চলছে, আপনার সহযোগিতা চাই, আপনার ভোটও চাই।”

তার কথায় হেসে ফেলেন উপাচার্য। আফরোজা তাকে বলেন, “সকাল থেকে বের হয়ে রাত ৮টা- ৯টা পর্যন্ত কাজ করছি। মানুষের খুব ভাল সাড়া পাচ্ছি।”

এ সময় বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের অভিজ্ঞতার কথা স্মরণ করে উপাচার্য বলেন, “নির্বাচনের প্রচার খুব কঠিন কাজ। সিটি নির্বাচন আসলেই খুব কঠিন।”

আফরোজা এ সময় বলেন, “আমি কিন্তু এখানে স্টুডেন্ট ছিলাম। তাই দাবি নিয়ে বলছি, আপনার ভোট আমি চাই।”

উপাচার্যের সঙ্গে বিদায় পর্ব শেষ করে আফরোজা আব্বাস যান উপ-উপাচার্য নাসরীন আহমাদের কার্যালয়ে।

অধ্যাপক নাসরীন তাকে সম্ভাষণ জানিয়ে বলেন, “কি অবস্থা? আপনাকে তো প্রতিদিন টিভিতে দেখি।”

জবাবে আফরোজা বলেন, “আপনাকে কিন্তু ভোট দিতে হবে।”

উপ-উপাচার্য বলেন, “কীভাবে ভোট দেব, আমি তো সিলেটের ভোটার।”

জবাবে আফরোজা বলেন, “ও আচ্ছা, তাই। তাহলে পরিবারের সদস্য আর পরিচিতদের ভোট দিতে বলে দেবেন।”

“আচ্ছা ঠিক আছে। বেস্ট অব লাক” বলে আফরোজাকে শুভেচ্ছা জানান উপ-উপাচার্য।

উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে ছোটেন আফরোজা আব্বাস।

এর আগে সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল থেকে দিনের প্রচার শুরু করেন বিএনপি নেতা আব্বাসের স্ত্রী। এরপর ফুলার রোডের বিভিন্ন আবাসিক এলাকা, বিশ্ববিদ্যালয় এলাকার টাওয়ার ভবন, ঈসা খাঁ রোডসহ বিভিন্ন এলাকায় মির্জা আব্বাসের ‘মগ মার্কা’য় ভোট চান তিনি।