জামালপুরে অলিউল্লাহর দাফন সম্পন্ন
সাভারে ডাকাতের গুলিতে নিহত বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের কর্মকর্তা মো. অলিউল্লাহকে (৪৫) জামালপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার অনন্তবাড়িতে তাকে দাফন করা হয়, মৃত্যুর কয়েকঘণ্টা আগে যিনি পদোন্নতি পেয়েছিলেন।
অলিউল্লাহ বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখার ব্যবস্থাপক ছিলেন।
বিকালে লাশ গ্রামের বাড়ি পৌঁছলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।
অলিউল্লাহর বড়ভাই নূর মোহাম্মদ জানান, শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ি গ্রামের মৃত ওয়াসিম উদ্দীন কাজীর ছেলে অলিউল্লাহ জনতা ব্যাংকে কর্মজীবন শুরু করেন।
পাঁচ বছর আগে তিনি জনতা ব্যাংক থেকে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে যোগদান করেন।
অলিউল্লাহ ৯ বছর আগে একই গ্রামে বিয়ে করেন। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের এন্টি মানি লন্ডারিং বিভাগের সিনিয়র এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হোসেন সাংবাদিকদের জানান, মৃত্যুর কয়েকঘণ্টা আগে মঙ্গলবার অলিউল্লাহ পদোন্নতি পেয়ে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও) হয়েছিলেন।
