সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি জাপানের প্রধানমন্ত্রীর
বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।
সেইসঙ্গে জাপানের অর্থায়নে বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন ‘দ্রুতগতিতে’ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার জাকার্তায় এশিয়ান-আফ্রিকান সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শিনজো আবে এ কথা বলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান।
তিনি জানান, সম্মেলনের ফাঁকে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন এবং কাতারের উপ-প্রধানমন্ত্রী আহমেদ আবদুল্লাহ জেড আল-মাহমুদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শেখ হাসিনা।
এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লংয়ের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন বলে শামীম চৌধুরী জানান।
বৈঠক শেষে তিনি জাকার্তার বোরোবুদুর হোটেলে সাংবাদিকদের বলেন, “জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে এবং এ সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।”
“জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে জাপানের যে কম্প্রিহেনসিভ পার্টনারশিপ তৈরি হয়েছে তা ভবিষ্যতে আরও মজবুত হবে। এছাড়া মাতাড়বাড়িতে ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ জাপানের সযযোগিতায় যেসব প্রকল্প হচ্ছে, সেগুলো দ্রুতগতিতে এগিয়ে যাবে’, বলেন প্রেস সচিব।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদে জাপানের প্রার্থিতা সমর্থন করার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ দেন শিনজো আবে। সেইসঙ্গে শেখ হাসিনার নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি।
শিনজো আবে বলেন, শেখ হাসিনার ‘নেতৃত্বগুণেই’ বাংলাদেশের অর্থনীতি ‘শক্তিশালী অবস্থায়’ রয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপানের সহযোগিতার জন্য বৈঠকে কৃতজ্ঞতা জানান। সেইসঙ্গে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা তার সরকারের সময় জাপানের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কার্যক্রমের কথা তুলে ধরেন।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এবারও জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশের উপরে থাকবে।
এদিকে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের উচ্চ পর্যায়ে মতবিনিময়ের (হাই লেভেল এক্সচেইঞ্জ) উপর গুরুত্ব দেন বলে জানান শামীম।
থেইন সেইন দুই দেশের সরকার ও সেনাবাহিনী পর্যায়েও বৈঠকের উপর গুরুত্ব দেন।
শেখ হাসিনার সঙ্গে তার এ বৈঠকে বিসিআইএম (বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ারমার) করিডোর নিয়েও আলোচনা হয়।
শেখ হাসিনা তাকে বলেন, তার সরকার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চায় এবং প্রতিবেশীদের সঙ্গে ব্যবসা, বাণিজ্য, নিরাপত্তার বিষয়টিকে গুরত্ব দেয়।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ছাড়াও উপ প্রেসসচিব নজরুল ইসলাম ও মামুন-অর-রশিদ সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন থেকে সন্ধ্যায় হোটেলে ফিরে যান। পরে তিনি সম্মেলনের অতিথিদের সম্মানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে অংশ নেন।
এশিয়ান-আফ্রিকান সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফর শেষে বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা রয়েছে।
