হরতালের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু
হরতালে এর আগে পরীক্ষা না নিলেও একই কর্মসূচির মধ্যে বুধবার থেকে দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে দেশের ১৭১টি কেন্দ্রে একযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়। ২ লাখ ২৫ হাজার ৫ জন শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যধাপক হারুন-অর রশিদ সকালে টঙ্গী সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর এ সময় তার সঙ্গে ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “হরতালের মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য।”
বিএনপি জোটের টানা ৯২ দিনের অবরোধ-হরতালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার তারিখ দফায় দফায় পিছিয়ে দেওয়া হয়।
‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করে’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো অবস্থায় ছুটির দিনসহ অন্য দিনগুলোতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সব পরীক্ষা ঘোষিত সময়সূচি অনুযায়ীই হবে।
