২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ‘ডাকাত’ আহত

রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন, যাকে ডাকাত দলের সদস্য বলছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2015, 01:19 PM

Updated : 22 Aug 2022, 12:07 PM

পাংশা থানার ওসি আবু সামা মোহাম্মদ ইকবাল হায়াত জানান, রোববার রাতে উপজেলার শরিষা ইউনিয়নের কোলানগর মাঠে ওই গোলাগুলির সময় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রোববার রাত ৮টার ওই মাঠে অভিযানে যায় পুলিশের একটি দল।

“এ সময় ডাকাতরা পুলিশের দিকে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি করে।এক পর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলে হামিদ মণ্ডল নামে এক ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করেছে রাজবাড়ী থানা পুলিশ।

সংঘর্ষের পর অস্ত্রসহ আটক

একই রাতে কালুখালী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর বন্দুকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক মিজানুর রহমান (৪০) উপজেলার পারকোলা গ্রামের মোশাররফ আলী মোল্লার ছেলে।সংঘর্ষের সময় তারও ডান পায়ে গুলি লাগে বলে কালুখালী থানার ওসি নূরে আলম ফকীর জানান।

পুলিশ সংঘর্ষ থামানোর পর মিজানুররকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।