নেত্রকোণায় ধান কাটা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
নেত্রকোণার মদন উপজেলায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার সকালে শিবাশ্রম গ্রামে স্থানীয় কৃষক কছিম উদ্দিন ও শহীদ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয় বলে মদন থানার ওসি এসএম মফিজুল ইসলাম জানান।
নিহতের নাম মোসলেম উদ্দীন (৬৫), তিনি শহীদ মিয়ার বাবা।
আহত শহীদ মিয়া (৪৫) ও আবুল মিয়াকে (৫৫) গুরুতর অবস্থায় মদন উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া খলিল (৪৫), কোকিল (৪০), জালাল (৩০) ও রতন (৩৫) নামে আরও চারজন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হলেও পরে গ্রেপ্তারের ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান বলে চিকিৎসক আব্দুল কুদ্দুছ জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মফিজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে কছিম ও শহীদের মধ্যে দীর্ঘ দিন ধরে রোধ চলছিল। সকালে শহীদ লোকজন নিয়ে জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষ কছিমের লোকজন তাদের বাধা দেয়।
“এ সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। শহীদের বাবা মোসলেম ঘটনাস্থলেই মারা যান।”
হাসপাতালে ভর্তি দুজন ছাড়া সংঘর্ষে জড়িত কাছিমসহ অন্যরা সবাই পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি।
