ভারতে সাজা খেটে দেশে ফিরেছে তিনজন
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বছর সাজা খেটে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছে তিন বাংলাদেশি, যাদের মধ্যে একজন শিশু।
রোববার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ওই তিনজনকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আসলাম খান জানান, ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে দুজন নারী ও একজন শিশু রয়েছেন।
এরা হলেন- মেহেরপুরের গাংনি উপজেলার জয়পুর গ্রামের কল্পনা দাস (২৮), তার মেয়ে জোজো দাস (১০) এবং খুলনার দিঘলিয়া উপজেলা সদরের শিপ্রা বিশ্বাস (৩০)।
ওসি আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাল বেতনে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় দালালরা তাদের ভারতে পাচার করে। কাজের সন্ধানে কলকাতা শহরে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে তারা আটক হন।
পরে ভারতীয় আদালত তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বছরের কারাদণ্ড দেয়। সেই সাজার মেয়াদ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফেরেত পাঠানো হয়।
তিন জনকে রাতেই বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করেন বিজিবি কর্মকর্তারা।
থানায় আইনি প্রক্রিয়া শেষে তারা বাড়ি ফিরে যাবেন বলে বন্দর থানার এসআই কওছার আলী জানিয়েছেন।
