মেঘনা নদীতে তরুণের লাশ
নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় মেঘনা নদী থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মো. আমানের (১৭) লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা এটিকে হত্যা বলে দাবি করলেও আরেকপক্ষের দাবি দুর্ঘটনা।
এ ঘটনায় আবুল (২৩) ও শরীফ (২৫) নামের দুইজন আহত হয়েছেন। তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আমানের চাচাত ভাই সাত্তার ও কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান, বালু মহাল নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করে আসছিল।
মঙ্গলবার ভোর রাতে কালাপাহাড়িয়া থেকে মেঘনা উপজেলার চন্দনপুরা যায় তাদের স্পিডবোর্ড তেল নেওয়ার জন্য।
সেখান থেকে তেল নিয়ে কালাপাহাড়িয়া নতুনচর এলাকায় বালু মহালে পৌঁছলে সেখানে ডালিম গ্রুপের জয়নাল, আয়নাল, ইয়াছিন, রুবেল, খোকন, জামানসহ ১২/১৪ জন দুটি স্পিডবোর্ডে করে এসে তাদের উপর হামলা চালায়।
তারা ইয়াছিনের মাথায় কোপ দিলে ইয়াছিন নদীতে পড়ে যান। এ সময় আবুল ও শরীফ আহত হন।
তারা আরও জানান, দুপুরে মেঘনায় মাছ ধরারত জেলেরা জাল ফেলে আমানের মৃতদেহ উদ্ধার করে।
তবে কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়জুল হক ডালিম জানান, স্বপন চেয়ারম্যানের অবৈধ বালু উত্তোলনের ড্রেজারের কর্তৃত্বে থাকা মহিউদ্দিন, বেদন, আমান, আবুল ও শরীফ স্পিডবোটযোগে বালু মহাল থেকে আসার পথে তাদেরই বালুর ড্রেজারের সঙ্গে স্পিডবোটের পাখা লেগে স্টিডবোটটি তলিয়ে যায়।
জেলেরা দুজনকে জীবিত ও আমানকে মৃত উদ্ধার করে বলে জানান তিনি।
আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শাহিন জানান, আমানের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। তবে আমানের মাথায় জখমের আলামত দেখা গেছে।
তিনি জানান, এই এলাকার স্বপন ও ডালিম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তবে আমানের মৃত্যুর ঘটনাটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
