পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘পালাতে গিয়ে ডাকাত’ নিহত
চট্টগ্রামের কালুরঘাটে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘সেতু থেকে লাফিয়ে পড়ে পালাতে গিয়ে’ একজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
চান্দগাঁও থানার সহকারী উপ পরিদর্শক অর্ণব বড়ুয়া বলছেন, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে কালুরঘাট ব্রিজে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে মোট সাতজনকে আটক করে পুলিশ আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর মো. জসীম উদ্দিন নামে ৩৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়।
আটক বাকিরা হলেন- আবুল কালাম, জহির, মিরাজ, শামসুর রহমান, আজাহার ও তৈয়ব।
এদের সবার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তৈয়ব ছাড়া বাকি সবাই হাসপাতালে চিকিৎসাধীন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ বলেন, “পুলিশের সঙ্গে গোলাগুলি হলেও আটক ডাকাতরা কেউ গুলিবিদ্ধ নন। সেতু থেকে লাফিয়ে নামার সময় তীরের পাথরে পড়ে তারা মারাত্মক আহত হয়েছেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বলে অর্ণব বড়ুয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গভীর রাতে একদল ডাকাত ‘রাউজানের গহিরা এলাকা থেকে ডাকাতি করে’ পিকআপ নিয়ে নগরীর দিকে ফিরছিল। ভোরের দিকে কাপ্তাই রাস্তার মাথায় পুলিশ চেকপোস্ট দেখে গাড়িটি উল্টো দিকে ঘুরে অনন্যা আবাসিক এলাকা দিয়ে বাইরে পালানোর চেষ্টা করে।
পুলিশ তাদের ধাওয়া করলে পিকআপটি অন্য একটি রাস্তা দিয়ে কালুরঘাট ব্রিজের ওপর উঠে পড়ে। কিন্তু বিপরীত দিক দিয়ে একটি ট্রাক এসে পড়ায় পিকআপটি আটকে যায় বলে জানান সহকারী উপ পরিদর্শক অর্ণব।
“তখন পিকআপে থাকা দুর্বৃত্তরা নেমে পুলিশের দিকে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে কয়েকজন আহত হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন ব্রিজ থেকে কর্ণফুলি নদীতে লাফিয়ে পালিয়ে যায়।”
পরে সাতজনকে আটকের পাশাপাশি পিকআপে তল্লাশি চালিয়ে ডাকাতির মালামাল উদ্ধার করা হয় বলে অর্ণব জানান।
“তারা গহিরায় একটি দোকানে ডাকাতি করে ফিরছিল। আমরা জানতে পেরেছি সেখানে তারা এক দোকানিকে গুলি করেছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”
রাউজান থানার এস আই মো. নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পশ্চিম গহিরা এলাকায় অনন্ত ডাক্তারের বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালাচ্ছিল ডাকাতদের ওই দলটি।
সেখানে ডাকাতদের গুলিতে গৃহকর্তা প্রভাত বড়ুয়া আহত হন। ডানহাতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
