চট্টগ্রামে তিন গাড়িতে আগুন
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সকালে চট্টগ্রামে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ষোলশহরের মেয়র গলির কাছে এই নাশকতার ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি বলে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান।
তিনি বলেন, “রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা পাথর বোঝাই একটি ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেটকারে আগুন দিয়ে জামায়াত-শিবির কর্মীরা দ্রুত ওই এলাকা ত্যাগ করে।”
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিন বাহনের আগুন নেভায় বলে জানান ওসি।
ষোলশহরের এই ঘটনাটি ছাড়া নগরীর কোথাও হরতালে বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যান চলাচলও প্রায় স্বাভাবিক বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন।
শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও শিল্প কারখানাও সচল রয়েছে।
হরতালের আগের রাতে সীতাকুণ্ড ও মিরসরাই থেকে বিএনপি-জামায়াতের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান জানান।
যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামী সারা দেশে এই হরতাল করছে।
