২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পাউবোর রেস্ট হাউজ পুলিশের ‘জবর দখলে’

সিলেটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি রেস্ট হাউজ নয় বছরের বেশি সময় ধরে ‘জবর দখল’ করে রেখেছে মহানগর পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 08:40 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পরও পুলিশ ওই রেস্ট হাউজ ফেরত না দেওয়ায় বিষয়টি গড়িয়েছে সংসদীয় কমিটিতে।

দুই মন্ত্রণালয়ের মন্ত্রীকে আলোচনায় বসে এ ব্যাপারে একটি সমাধানে আসতে বলেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আর তাতেও কাজ না হলে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন । 

রোববার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে উত্থাপিত নথিতে বলা হয়, বিগত বিএনপি সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমানের মৌখিক নির্দেশে সিলেট মহানগর পুলিশ ২০০৬ সাল থেকে কুমাপাড়ায় ৮৫ শতাংশ জমিতে পানি উন্নয়ন বোর্ডের ওই রেস্ট হাউজকে পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে।

পানি সম্পদ মন্ত্রণালয় রেস্ট হাউজটি ফেরত চেয়ে ২০০৮ সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং পাউবো পুলিশকে একাধিকবার চিঠি দেয়। এক পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও রেস্ট হাউজটি ফেরত দিতে পুলিশ সদর দপ্তরে নির্দেশ যায়। কিন্তু অবস্থা বদলায়নি।

এরপর ২০১২ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে এ বিষয়ে ‘ডিও লেটার’ দেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। এ ব্যাপারে সাহারা খাতুনের ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন রমেশ।

ওই চিঠিতে বলা হয়, ২৮টি হাওরের উন্নয়নসহ সিলেট জেলায় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কার্যক্রম সিলেট সার্কেলের অধীনে পরিচালিত হয়। এছাড়া বিভিন্ন কাজে দেশি-বিদেশি পরামর্শকরা সিলেট সফরে গেলে রেস্ট হাউজে অবস্থান করেন। ওই রেস্ট হাউজটি ভবিষ্যতে সিলেট বিভাগে পাউবোর প্রধান প্রকৌশলীর কার্যালয় হিসাবে ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে।

তাতেও কাজ না হওয়ায় ২০১৪ সালের ২৬ মে পানি সম্পদ মন্ত্রণালয় এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলে, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার দীর্ঘ সময় পরেও রেস্ট হাউজটি ফেরত প্রদান না করায় বিষয়টি অবৈধ জবর দখল মর্মে বিবেচনা করা যায়।”

রোববার সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা শেষে বেরিয়ে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি নিয়ে সংসদীয় কমিটি মন্ত্রী পর্যায়ে বৈঠক করতে বলেছে। এর পরেও যদি সুরাহা না হয়, তবে প্রধানমন্ত্রীকে আমরা (সংসদীয় কমিটি) বিষয়টি জানাব।”

সাবেক এই পানিসম্পদ মন্ত্রী বলেন, “আমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় অনেক চেষ্টা করেছি, কিন্তু সমাধান হয়নি। সাহারা আপাকে ডিও লেটারও দিয়েছিলাম। এখন দেখা যাক কী হয়।”

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিলেট মেট্রোপলিটন পুলিশ গঠনের পর থেকেই ওই রেস্ট হাউজ কমিশনারের অফিস হিসেবে ব্যবহার হচ্ছে।  পরে আরও রেনোভেট করা হয়েছে। এই জায়গাটা  উনাদের (পাউবো) কাছ থেকে নেওয়ার জন্য আমরা লেখালেখিও করেছি। উপরের অফিসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

রেস্ট হাউজ ‘জবর দখল’ করার অভিযোগ নাকচ করে তিনি বলেন, “এখানে দখলের কী আছে? একটা সরকারি প্রতিষ্ঠান। কোনো ব্যক্তি কি দখল করে রেখেছে? এটা রাষ্ট্রের কাজে লাগছে।”

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সব স্থাপনা রক্ষণাবেক্ষণে সব সময়ের জন্য আনসার বাহিনী মোতায়েনের  সুপারিশ করা হয়েছে কমিটির বৈঠকে।

এছাড়া পাউবো’র যেসব সম্পত্তি অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থা ‘দখল করে রেখেছে’ তার একটি তালিকা কমিটির পরের বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।

এছাড়া পাউবো’র যেসব জমি ‘অবৈধভাবে’ ব্যবহার করা হচ্ছে তা উদ্ধারের বিষয়ে মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে চিঠি দেওয়া এবং ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে’ বোর্ডের সব অকোজো যানবাহন আগামী ৬ মাসের মধ্যে বিক্রি করে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে কমিটির সদস্য পনি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, ফরিদুল হক খান, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মোস্তাফিজুর রহমান এবং সেলিনা জাহান লিটা এ বৈঠকে অংশ নেন।