সেনা মোতায়েন নিয়ে সিদ্ধান্ত ১৯ এপ্রিলের পর: সিইসি
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কি না সে ব্যাপারে ১৯ এপ্রিলের পর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, “১৯ তারিখে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সভা আছে। তারপরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তখন আপনাদের জানানো হবে।”
ইতিমধ্যে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন চেয়ে বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হলেও মতবিনিময় সভায় তাদের সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলম এ বিষয়ে কিছু বলেননি।
তবে বেশ কয়েকজন মেয়র ও কাউন্সিলর প্রার্থী সেনা মোতায়েনের দাবি তুলেছেন।
জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েনের দাবি জানান।
আরেক মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ রবি অবশ্য সেনাবাহিনী নিয়োগের প্রয়োজন নেই বলে মত দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন বলেন, “ব্যালট বাক্স ছিনতাই এখন আর সম্ভব হবে না। ব্যাপক সংখ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা নিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি- তারা যেন সর্বোচ্চ ব্যবস্থা নেয়। ভোট বাক্স ছিনতাইয়ের কোনো ঘটনা যেন চট্টগ্রামে না ঘটে।”
নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
