২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে কামারুজ্জামানের আইনজীবীরা

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন তার আইনজীবীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 11:16 AM

Updated : 12 Oct 2022, 03:32 PM

পুরনো খবর:

সময় পেলেন কামারুজ্জামান

বৃহস্পতিবার সকাল ১০ টা ৪৮ মিনিটে পাঁচ আইনজীবী কারাগারে ঢোকেন।

এরা হলেন- শিশির মনির, এহসান এ সিদ্দিক, মজিবুর রহমান, মতিউর রহমান আকন্দ ও মুজাহিদুল ইসলাম শাহীন।

কারাগারের সামনে পৌঁছে সাবেক ছাত্রশিবির নেতা শিশির মনির সাংবাদিকদের বলেন, কামারুজ্জামান আইনজীবীদের সঙ্গে দেখা করতে চাওয়ায় কারা কর্তৃপক্ষ তাদের আসতে বলেছে।

কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না জানতে চাইলে তার এই আইনজীবী বলেন, “কোন বিষয়ে তিনি কথা বলবেন তা তার সঙ্গে আলোচনার পরই জানা যাবে।”

কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায় বুধবার বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে তাকে তা পড়ে শোনানো হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে তার প্রাণভিক্ষার আনুষ্ঠানিকতা শুরু হয়।

নিয়ম অনুযায়ী একজন ফাঁসির আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারেন; তবে সেজন্য তাকে অপরাধ স্বীকার করতে হয়। আবেদন পেলে রাষ্ট্রপতি তা বিবেচনা করে সিদ্ধান্ত দেন।

ওই আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে অথবা আসামি প্রাণভিক্ষার আবেদন না করলে সরকার কারা কর্তৃপক্ষের মাধ্যমে দণ্ড কার্যকরের ব্যবস্থা নেয়।

২০১৩ সালের ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধ মামলার প্রথম আসামি হিসেবে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ক্ষেত্রেও এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। তবে সে সময় কাদের মোল্লা প্রাণভিক্ষার আবেদন করেননি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

একাত্তরে হত্যা, গণহত্যা ও নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে ময়মনসিংহের আল বদর কমান্ডার কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে সেখানেও তার সর্বোচ্চ শাস্তি বহাল থাকে।

সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেনার (রিভিউ) জন্য কামারুজ্জামানের আবেদন গত সোমবার খারিজ করে দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ।

বুধবার দুপুরে রায়ে বিচারপতিদের সইয়ের পর তা কারাগারে পাঠানো হয়।

এর আগে রিভিউ খারিজের দিনই কারা কর্তৃপক্ষের চিঠির প্রেক্ষিতে কারাগারে গিয়ে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা।