২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় পেলেন কামারুজ্জামান

যুদ্ধাপরাধে ফাঁসির রায় পাওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না তা জানাতে কারা কর্তৃপক্ষের কাছে সময় চেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 09:23 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

পুরনো খবর:

রায় শোনানো হল ফাঁসির আসামি কামারুজ্জামানকে
‘কামারুজ্জামানের দাফন শেরপুরে নয়’
‘শেষ দেখা’ ভাবছে না কামারুজ্জামানের পরিবার
সোহাগপুরের ‘অপেক্ষার অবসান হচ্ছে’
রায়ের কপির জন্য আটকে আছে ফাঁসি
লাল সালুতে মোড়া কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে
‘নাৎসিদের চেয়েও ভয়ঙ্কর’ কামারুজ্জামান
কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশ
চূড়ান্ত রায়েও কামারুজ্জামানের ফাঁসি
কামারুজ্জামানের ফাঁসির আদেশ

আইনজীবীরা বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন।    

বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উনি সময় চেয়েছেন, আগামীকাল আইনজীবীদের সঙ্গে কথা বলে জানাবেন।”

কামারুজ্জামানের অন্যতম আইনজীবী শিশির মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামারুজ্জামান কারা কর্তৃপক্ষকে বলেছেন, তিনি আইনজীবীদের সঙ্গে দেখা করতে চান। সে কারণেই আমরা পাঁচজন বেলা ১১টায় কারাগারে যাচ্ছি। প্রাণভিক্ষা ছাড়াও কিছু বিষয়ে কথা হতে পারে।”

নিয়ম অনুযায়ী একজন ফাঁসির আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারেন; তবে সেজন্য তাকে অপরাধ স্বীকার করতে হয়। আবেদন পেলে রাষ্ট্রপতি তা বিবেচনা করে সিদ্ধান্ত দেন।

ওই আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে অথবা আসামি প্রাণভিক্ষার আবেদন না করলে সরকার কারা কর্তৃপক্ষের মাধ্যমে দণ্ড কার্যকরের ব্যবস্থা নেয়।

২০১৩ সালের ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধ মামলার প্রথম আসামি হিসেবে কাদের মোল্লার  ফাঁসি কার্যকরের ক্ষেত্রেও এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। তবে সে সময় কাদের মোল্লা প্রাণভিক্ষার আবেদন করেননি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

দুই দিন অপেক্ষার পর কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায় বুধবার বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে তাকে তা পড়ে শোনানো হয়। এর মধ্যে দিয়ে শুরু হয় প্রাণভিক্ষার আনুষ্ঠানিকতা। পরিবারের সদস্যরা সোমবারই তার সঙ্গে দেখা করে গিয়েছিলেন।     

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চের সদস্যরা বিকালে রিভিউ খারিজের ৩৬ পৃষ্ঠার এই রায়ে সই করেন। এ বেঞ্চের বাকি তিন সদস্য হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (২) মো. সাব্বির ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারকদের সইয়ের পর বিকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে রায়ের অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।

অনুলিপি হাতে পাওয়ার পর ট্রাইব্যুনাল-২ এর নির্দেশনা নিয়ে ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার আফতাবুজ্জামান তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেন পৌনে ৬টায়। জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী এরপর আসামি মুহাম্মদ কামারুজ্জামানকে রায় পড়ে শোনান।

সে সময়ই এই ফাঁসির আসামির কাছে জানতে চাওয়া হয় তিনি প্রাণভিক্ষা চাইবেন কি-না। কামারুজ্জামান উত্তর দেওয়ার আগে সময় চেয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলতে চান।  

পরে ফরমান আলী দেখা করেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিনের সঙ্গে। রাত পৌনে ৮টায় কারাগার থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

একাত্তরে হত্যা, গণহত্যা ও নির্যাতনের পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ৯ মে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ দুটি অভিযোগে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়।

মুক্তিযুদ্ধ চলাকালে আল বদর বাহিনীর ময়মনসিংহ জেলা শাখার প্রধান কামারুজ্জামান যেভাবে যুদ্ধাপরাধ ঘটিয়েছেন, তাতে ‘সর্বোচ্চ শাস্তি না দিলে সুবিচার হবে না’ বলে রায়ে উল্লেখ করা হয়।

কামারুজ্জামান ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৪ সালের ৩ নভেম্বর সর্বোচ্চ আদালতও মৃত্যুদণ্ড বহাল রাখে।

শেরপুরের নালিতাবাড়ি থানার সোহাগপুর গ্রামে ১৯৭১ সালে ১২০ জন পুরুষকে বাড়ি থেকে ধরে এনে হত্যার ঘটনায় কামারুজ্জামানের ফাঁসির রায় আসে।

এর সাড়ে তিন মাস পর গত ১৮ ফেব্রুয়ারি আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়। তখনই মৃত্যু পরোয়ানা জারি করে কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়।

এরপর কামারুজ্জামান ওই রায় পুনর্বিবেচনার আবেদন করলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ গত সোমবার তা খারিজ করে দেয়। ফলে বিচারিক কার্যক্রমের চূড়ান্ত নিষ্পত্তিতেও ফাঁসির সিদ্ধান্ত বহাল থাকে। 

রিভিউ আবেদন খারিজ হওয়ার পর কামারুজ্জামানের দণ্ড কার্যকর নিয়ে আলোচনা শুরু হয়। তার দল জামায়াতে ইসলামী সারা দেশে মঙ্গল ও বুধবার হরতালের ঘোষণা দেয়। 

কারা কর্তৃপক্ষের চিঠি পেয়ে সোমবারই ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। কারাগার এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়।

আপিল আদালতের বিচারকরা রায়ে সই করার পর বুধবার দুপুর থেকে সংবাদকর্মীরা আবারও নাজিম উদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় জড়ো হতে থাকেন। সন্ধ্যার পর কারারক্ষীদের সঙ্গে পুলিশ ও র‌্যাব সদস্যদের কারাফটকে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

চকবাজার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় কার্যকরকে কেন্দ্র করে  কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য জেলখানার চারপাশে সব ধরনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।”

এদিকে প্রাণভিক্ষার ফয়সালা না হলেও কামারুজ্জামানের গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলায় কুমরি বাজিতখিলা এতিমখানা সংলগ্ন জমিতে কবর খোঁড়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন তার স্বজনরা। এতিমখানার ফাঁকা জায়গায় কবর বাঁধানোর জন্য এনে রাখা হয়েছে ইট ও বালু।

তার বড় ভাই কফিল উদ্দিন সাংবাদিকদের জানান, ভাইয়ের ইচ্ছা ও পরিবারের সিদ্ধান্তেই পৈতৃক জমিতে কবর দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।