চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন
চট্টগ্রাম ইপিজেডে ইয়ংওয়ানের একটি কারখানায় আগুনে বেশকিছু সরঞ্জাম পুড়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে ইপিজেডের তিন নম্বর রোডে অবস্থিত বিদেশি মালিকানাধীন ইয়ংওয়ান গ্রুপের ইয়ংওয়ান স্পোর্টস অয়্যার নামে প্রতিষ্ঠানের তৃতীয় তলায় আগুন লাগে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ ইয়াহিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের সাতটি গাড়ি রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইপিজেড থানার ওসি আবুল মনছুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূল ভবনের তিন তলায় আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
ওইসময় কারখানাটিতে কম সংখ্যক শ্রমিক-কর্মচারী থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
