প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল বিভাগে মিন্টু
ঢাকা সিটি নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর আবেদন হাই কোর্টে খারিজ হয়ে যাওয়ায় এবার তিনি আপিল বিভাগে আবেদন করেছেন।
মিন্টুর করা রিট আবেদন খারিজের যে আদেশ হাই কোর্ট দিয়েছে তা স্থগিতের আবেদন করা হয়েছে আপিল বিভাগে দেওয়া আবেদনে।
তার আইনজীবীরা মঙ্গলবার আবেদনটি চেম্বার আদালতে তুললে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চেপাঠিয়ে দেন। আগামী বৃহস্পতিবার নিয়মিত বেঞ্চে এর শুনানি হবে।
মিন্টুর পক্ষে চেম্বার আদালতের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
আদেশের পর মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে ৯ এপ্রিল শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন।”
২৮ এপ্রিল অনুষ্ঠেয় সিটি নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিন্টু। কিন্তু তাতে সমর্থক হিসেবে স্বাক্ষরকারী আব্দুর রাজ্জাক ঢাকা সিটি করপোরেশনের ভোটার না হওয়ায় প্রার্থিতার আবেদন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা শাহ আলম।
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিধি অনুযায়ী ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন মিন্টু । শনিবার শুনানি করে ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান আপিল খারিজ করে দেন।
এরপর মিন্টু হাই কোর্টে একটি রিট আবেদন করেন, যাতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তার মনোনয়নপত্র গ্রহণের বিষয়ে নির্দেশনা ও রুল চাওয়া হয়।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চে গত সোমবার মিন্টুর ওই আবেদন সরাসরি খারিজ হয়ে যায়।
