২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি নির্বাচনে ১৩ হাজার সদস্য চেয়ে পুলিশের চিঠি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সময় নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ হাজার সদস্য চেয়ে সদর দপ্তরে চিঠি দিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 09:47 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচন উপলক্ষে চাহিদা জানিয়ে ৩১ মার্চ এই চিঠি পাঠানো হয়।  

সিএমপির উপ-কমিশনার (সদর) ফারুক আহামেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে দেশের বিভিন্ন জেলা থেকে পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ হাজার ২৩৭ জন সদস্য চাওয়া হয়েছে।”

এর সঙ্গে সিএমপির আরও দুই হাজারের মতো পুলিশ সদস্য নির্বাচনের সময় দায়িত্বে থাকবেন বলেও জানান তিনি।

পুলিশ সদর দপ্তরে বিভিন্ন পদে চার হাজার ১৫২ জন পুলিশ, ৩৪৭ জন এবিপিএন, এক হাজার ৬৬৮ জন আনসার, চার হাজার ২৪২ জন পুরুষ, দুই হাজার ৮২৮ জন নারী সদস্যসহ সাত হাজার ৭০ জন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য চেয়ে এই চিঠি দেওয়া হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। ৪১টি ওয়ার্ডে স্কুলসহ মোট ৪৪৮টি প্রতিষ্ঠানে মোট ৭১৯টি কেন্দ্রে চার হাজার ৯০৬টি বুথে এবার ভোট গ্রহণ হবে।

সিএমপি কর্মকর্তারা বলেন, এসব কেন্দ্রকে সাধারণ ও গুরুত্বপূর্ণ দুটি ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।

এদের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রে একজন এসআই অখবা এএসআইর নেতৃত্বে চারজন কনস্টেবল, একজন পিসি (প্লাটুন কমান্ডার) বা এপিসি’র নেতৃত্বে তিনজন আনসার সদস্য মোতায়েন থাকবে।

এছাড়া সাধারণ কেন্দ্রে একজন এসআই অখবা এএসআই’র নেতৃত্বে দুইজন কনস্টেবল ও একজন পিসি বা এপিসির নেতৃত্বে দুই জন আনসার সদস্য মোতায়েন থাকবে।  

এদিকে সবকেন্দ্রে চার জন নারী ও ছয়জন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

তবে এখনও চট্টগ্রামে গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র সুনির্দিষ্ট করা হয়নি বলে জানান সিএমপি কর্মকর্তারা।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র যাতে নগরীতে প্রবেশ করতে না পারে সেজন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীতে প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ চেকপোস্টে সতর্কতা ও নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি ১৫ নম্বর ঘাট এলাকায় আরও একটি চেকপোস্ট বসানো হবে।