রাজশাহীতে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫
রাজশাহীতে ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। এছাড়া আহতদের মধ্যে ২৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার সন্ধ্যার ঝড়ে বাঘা, গোদাগাড়ী, পবা ও পুঠিয়া উপজেলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী।
এরা হলেন, বাঘার পাকুড়িয়া গ্রামের প্রতিবন্ধী জাহানারা বেগম (৬০) ও কিশোরপুর গ্রামের ইমাজ উদ্দিন (৪৭), গোদাগাড়ীর চর আশাড়িয়াদহ গ্রামের মনোয়ারা বেওয়া (৬৫), পবার বড়গাছি সুবিপাড়া গ্রামের আব্দুল হাকিম (৩২) এবং পুঠিয়ার ভরতমাড়িয়া গ্রামের আদিবাসী নারী ফুলমনি (৬৫)।
মাটির ঘরে দেওয়াল ও ঘরের চালা চাপা পড়ে এবং বজ্রপাতে এদের মৃত্যু হয়েছে।
জেলা প্রশাসক বলেন, নিহতদের পরিবারের জন্য ২০ হাজার ও আহতদের চিকিৎসার চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ঝড়ে আনুমানিক ২৫ কোটি ৭০ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে, যার মধ্যে পান বরজ ও ভুট্টা ক্ষেতের বেশি ক্ষতি হয়েছে।
ইতোমধ্যে জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে যাদের বাড়িঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এক বান্ডিল ঢেউ টিন ও তিন হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শনিবার সন্ধ্যার ওই ঝড়ে বগুড়া, রাজশাহী, পাবনা, নওগাঁ ও সিরাজগঞ্জে দেয়াল ধসে, মাটি চাপা পড়ে, নৌকা ডুবে ও বজ্রপাতে অন্তত ২৩ জন নিহত হন। এরমধ্যে রয়েছেন বগুড়ায় ১৪ জন, রাজশাহীতে পাঁচ জন, সিরাজগঞ্জে দুই জন এবং পাবনা ও নওগাঁয় একজন করে।
