দিনাজপুরে বাসের ধাক্কায় বিজিবি সদস্যের মৃত্যু
দিনাজপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী এক বিজিবি সদস্য মারা গেছেন।
নিহত সফিকুল আলম বিজিবির দিনাজপুর সেক্টর ব্যাটালিয়নে ল্যান্সনায়েক হিসেবে কর্মরত ছিলেন।
কোতোয়ালি থানার ওসি এসএম খালেকুজ্জামান জানান, রোববার বেলা ১১টার দিকে উপজেলার গোপালগঞ্জ এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সফিকুল আলম সাইকেলে করে দশমাইল এলাকায় যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জ এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে ঠাকুরগাঁওমুখী একটি মিনিবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
