২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

ফেনীতে যুবলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 05:52 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

শনিবার দুপুরে সদর উপজেলার মোটবি ইউনিয়নের লস্করহাটের গোলার হাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (৩৫) সদর উপজেলার শিলুয়া বেত্রাবাদ গ্রামের মো. সাদেকুজ্জামানের ছেলে। সাইফুল যুবলীগের কর্মী ছিল বলে জানিয়েছেন তার ভাই জহিরুল ইসলাম জাফর।

জাফর বলেন, “দুপুরে লস্করহাটের গোলার হাট বাজারের একটি দোকানে বসে চা খাচ্ছিল সাইফুল। এ সময় যুবলীগ কর্মী আনোয়ার, জামাল, মনসুর, শাহ আলম, লিটন মোটরসাইকেলে করে এসে সাইফুলকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন।”

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, “সাইফুলের মাথায়, ঘাড়ে, পিঠে ও পায়ে একাধিক গুলি লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপতাল মর্গে রাখা হয়েছে।”

ফেনী মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ জানান, সাইফুল ইসলাম বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলার পলাতক আসামি। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছে। তবে কারা তাকে গুলি করেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।