২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ মামলার সাক্ষীকে ‘হুমকি’, আটক ৩

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 08:25 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় খাগাউড়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- খাগাউড়া ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল আজিজ এবং একই ইউনিয়নের ফরহাদ মিয়া ও মালি মিয়া।

ওসি বলেন, এ তিনজন মানবতাবিরোধী অপরাধ মামলার এক সাক্ষী খাগাউড়া গ্রামের আহলাদ মিয়াকে হুমকি দিয়ে আসছিলেন।

আহলাদ মিয়ার এ অভিযোগ পেয়ে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তারের নির্দেশ দেয় বলে জানান ওসি নির্মলেন্দু।

মামলার নথির বরাত দিয়ে ওসি জানান, মুক্তিযুদ্ধের সময় খাগাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান বড় মিয়া ও তার ছোট ভাই বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান আঙ্গুর মিয়ার বিরুদ্ধে এলাকায় রাজাকার বাহিনী গড়ে তুলে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগ রয়েছে।

ওই এলাকার মুক্তিযোদ্ধা আকল মিয়া ও রজব আলীকে হত্যা এবং মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক প্রয়াত মেজর জেনারেল এম এ রবের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটতরাজসহ বিভিন্ন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

ট্রাইব্যুনাল মামলা গ্রহণ করে আটকের নির্দেশ দিলে গত ১০ ফেব্রুয়ারি মহিবুর ও মুজিবুরকে গ্রেপ্তার করা হয়।

এরপর থেকে ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল আজিজ, ফরহাদ মিয়া ও মালি মিয়া মামলার সাক্ষী আহলাদ মিয়াকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।