২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় বাল্কহেড-ট্রলার সংঘর্ষ: আরেক লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ার ভাসানচরের কাছে মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনায় আরেক শিশুর লাশ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 08:20 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শুক্রবার বিকালে ভাষারচরের কাছে লাশটি ভেসে উঠলে পুলিশ ও স্বজনরা তুলে আনে।

কেয়ামনি (৪) নামের ওই শিশু কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্ত্রপুর গ্রামের আব্দুল কাদিরের মেয়ে।

এই নিয়ে এই দুর্ঘটনায় পাঁচ জনের লাশ উদ্ধার হলো, যাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। শুক্রবার তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলে।

বৃহস্পতিবার উদ্ধার এক লাশের পরিচয় মিলেছে শুক্রবার। তিনি হলেন ঢাকার যাত্রাবাড়ির হারুন অর রশিদের ছেলে দিন প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুর গাফ্ফার ফারুক (২৮)।

এখনও পরিচয় মেলেনি বালুবাহী বাল্কহেডের মাথায় গেঁথে যাওয়া ব্যক্তির। তাই তার লাশটি বাউশিয়া ঘাটে রাখা হয়েছে।

এছাড়া দুর্ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার হওয়া আরেকটি লাশ বেশি পচে যাওয়ায় এই দুর্ঘটনার নয় বলে ধরে নিয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে যে দুজনের পরিচয় পাওয়া যায় তারা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুনির হোসেনের মেয়ে মুনিয়া আক্তার (৪) এবং কুমিল্লার হোমনার শুভরাম গ্রামের শামীমের ছেলে হাবিব (১৬)।

পুলিশের তালিকা অনুযায়ী বাউশিয়ার মো. ফয়েজ (১৬) এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হোসেন।

মাসুদ হোসেন জানান, উদ্ধার পাঁচ লাশের মধ্যে তিনটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

“নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড ও পুলিশ শুক্রবারও নদীতে তল্লাশি চালিয়েছে। এখনও অন্তত একজন নিখোঁজ রয়েছেন জানা গেলেও এই সংখ্যা আরও বেশি হতে পারে। তাই উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে,” বলেন এই পুলিশ কর্মকর্তা।   

গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, এই ঘটনায় গজারিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলায় আসামি করা হবে বাবা-মায়ের দোয়া নামের বাল্কডে ও দুর্ঘটনা কবলিত ট্রলারের চালক এবং যান দুটির মালিক ও অন্যান্য স্টাফদের।

যান দুটি জব্দ করে মেঘনার তীরে রাখা হয়েছে এবং দুটির মালিকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।  

বুধবার রাত ৮টার দিকে ঝড়বৃষ্টির মধ্যে ‘মা-বাবার দোয়া’ নামের একটি বাল্কহেডের সঙ্গে অন্তত ৭৫ আরোহী বহনকারী ট্রলারের সংঘর্ষ হয়। এরপর বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ হন।

দুর্ঘটনার পর রাতেই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধারে নামে।

এদিকে লাশের পরিচয় শনাক্তের পর প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।

ট্রলারের যাত্রী ঢাকার বাদামতলীর ধনিয়ার মো. শামীম বেঁচে গেলেও তার ১০ বছরের ছেলে ফয়েজের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে এসআই হাবিবুর জানান।

পুরনো খবর:

মেঘনায় নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনে তল্লাশি
মেঘনায় ট্রলারে বাল্কহেডের ধাক্কায় নিহত ১, নিখোঁজ ১৫
মেঘনায় ট্রলার দুর্ঘটনায় শিশুসহ ৪ মৃতদেহ উদ্ধার