২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনে তল্লাশি

মুন্সীগঞ্জের গজারিয়ার ভাসানচরের কাছে মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনায় নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মতো অভিযান চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 11:02 AM

Updated : 22 Aug 2022, 12:01 PM

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, বুধবার রাতের ওই দুর্ঘটনার পর উদ্ধার চারটি লাশের মধ্যে তিনটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত পরিচয় আরেকটি লাশ বাউশিয়া ঘাটে রাখা হয়েছে।  

“নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড ও পুলিশ শুক্রবার সকালেও নদীতে তল্লাশি চালিয়েছে। এখনও দুই জন নিখোঁজ রয়েছেন জানা গেলেও এই সংখ্যা আরো বেশি হতে পারে। তাই উদ্ধার তৎপরতা এখনও চলছে” বলেন এই পুলিশ কর্মকর্তা।   

বুধবার রাত ৮টার দিকে ঝড়বৃষ্টির মধ্যে ‘মা-বাবার দোয়া’ নামের একটি বাল্কহেডের সঙ্গে অন্তত ৭৫ আরোহী বহনকারী ট্রলারের সংঘর্ষ হয়। এরপর বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ হন।

দুর্ঘটনার পর রাতেই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধারে নেমে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের লাশ পায়। পরে তারা নদী থেকে আরো তিনজনের লাশ উদ্ধার করে।

উদ্ধার চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে বলে গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান।

এরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুনির হোসেনের মেয়ে মুনিয়া আক্তার (৪) এবং কুমিল্লার হোমনার শুভরাম গ্রামের শামীমের ছেলে হাবিব (১৬)।

এর আগে এ ঘটনায় মোট পাঁচটি লাশ উদ্ধারের করা কথা বলেছিলেন পুলিশ কর্মকর্তা মাসুদ।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলের কাছ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার হওয়ায় সেটি ট্রলার যাত্রীর বলে ধারণা করা হয়েছিল।

পরে গজারিয়া থানার ওসি ফেরদৌস বলেন, “দুর্ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করা হলেও লাশটি দেখে মনে হয়েছে আরও আগে তার মৃত্যু। তাই এটিকে এই দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা হয়নি।”

পরে পঁচে যাওয়া লাশটি মুন্সীগঞ্জের মর্গে পাঠায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার দুপুরের সর্বশেষ লাশ দুটি ডুবে যাওয়া ওই ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। আর সকালে গজারিয়ার মোল্লাকান্দি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবক ও শিশু মুনিয়ার লাশ উদ্ধার হয়।”

এদিকে লাশের পরিচয় শনাক্তের পর প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।

বুধবার রাতে ঢাকাগামী বালু ভর্তি বাল্কহেডটি ঝড়বৃষ্টির মধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রলারটির মাঝ বরাবর ধাক্কা দেয় বলে পুলিশ কর্মকর্তারা জানান।

গজারিয়ার ভাসানচর, কুমিল্লার মোল্লাকান্দি এবং চাঁদপুরের নবীপুরার মোহনায় ওই দুর্ঘটনা ঘটে বলে ট্রলারের বেঁচে যাওয়া যাত্রীরা জানান।

ট্রলারের যাত্রী ঢাকার বাদামতলীর ধনিয়ার মো. শামীম বেঁচে গেলেও তার ১০ বছরের ছেলে ফয়েজের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে এসআই হাবিবুর জানান।