কারাগারে নাশকতার মামলার আসামির মৃত্যু
গাইবান্ধা জেলা কারাগারে আটক নাশকতার মামলার এক আসামির মৃত্যু হয়েছে, যিনি ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
জেলার মো. মাসুদুর রহমান জানান, শুক্রবার ভোর রাতের দিকে শাহারুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
মৃত শাহারুল ইসলাম (২২) গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রাঘবপুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।
ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মাসুদুর রহমান।
গাইবান্ধার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী বলেন, ভোরে কারা কর্তৃপক্ষ শাহারুলকে অর্ধচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
“হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
গোবিন্দগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, হরতাল-অবরোধ চলাকালে গত ৭ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কেশবপুর এলাকায় দাঁড় করিয়ে রাখা সুমি এন্টারপ্রাইজের একটি বাস ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
ওই ঘটনার পরদিন পুলিশ গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করে। ওই নাশকতা মামলার ১৪ নম্বর আসামি হিসেবে তাকে মহিমাগঞ্জের একটি ছাত্রাবাস থেকে ৯ ফেব্রুয়ারি আটক করে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছিল।
