৬ মাসে রেলের লোকসান ৩০ লাখ টাকা
চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে বাংলাদেশ রেলওয়ে ৩০ লাখ ৬৪ হাজার ৮৫ টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী আরও বলেন, রেলকর্মীদের বেতন ও জ্বালানি তেলের দাম বাড়লেও সে অনুযায়ী ট্রেনের টিকেটের মূল্য বাড়েনি। ফলে রেলের আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে।
আরেক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বছরের শুরুতে দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের রাজপথ, রেলপথ ও নৌ-পথ অবরোধের ঘোষণার সঙ্গে সঙ্গেও সম্পদের নিরাপত্তায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়।
রেলপথের নিরাপত্তার জন্য অপারেশনাল রেল লাইনের মোট ২ হাজার ৮২ কিলোমিটার রেলওয়ে ট্র্যাকের প্রতি ২ কিলোমিটার এলাকার জন্য চারজন করে ২ শিফটে ৮ জন করে আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ করা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য প্রতিটি ট্রেনের ইঞ্জিন ও গার্ড ব্রেকে রেলপুলিশ নিয়োগ করা হয়েছে, নিরাপত্তা কার্যক্রম তদারকির জন্য জরুরি সেল গঠন করা হয়েছে।
রাতে চলাচলকারী ট্রেনের নিরাপত্তার জন্য ‘অ্যাডভান্সড পাইলট ইঞ্জিন’ পরিচালনার ব্যবস্থা করা হয়েছে বলেও সংসদে জানানো হয়।
