২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক আসামির মৃত্যুতে আটকে হল-মার্কের ১১ মামলা

এক আসামির মৃত্যুর বিষয়ে আদালতে প্রতিবেদন না আসায় বারবার পিছিয়ে যাচ্ছে হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

প্রতিবেদন না পাওয়ায় বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কামরুল ইসলাম মোল্লা দ্বিতীয়বারের মতো শুনানি পিছিয়ে আগামী ৩০ এপ্রিল নতুন দিন ঠিক করেন।

সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানের মৃত্যুর বিষয়ে আদালতে প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছে মামলাকারী দুর্নীতি দমন কমিশন। 

হল-মার্ক কেলেঙ্কারিতে নাম আসার পর বরখাস্ত হন আজিজ। গ্রেপ্তার হয়ে কারাবন্দি অবস্থায় সম্প্রতি তার মৃত্যু হয়।

দুদকের আইনজীবী কবির হোসাইন বৃহস্পতিবার আদালতে বলেন, “সাধারণ দুর্নীতি মামলার ক্ষেত্রে কোনো প্রতিবেদন চাইলে তা সঙ্গে সঙ্গে আদালতে চলে আসে।

“কিন্তু এই মামলাগুলো জনগুরুত্বপূর্ণ এবং দেশের শীর্ষ কেলেঙ্কারির মামলা হওয়া সত্ত্বেও পুলিশ উদ্দেশ্যমূলকভাবে প্রতিবেদন পাঠাচ্ছে না। সে কারণে মামলাগুলোর বিচার শুরু করা যাচ্ছে না।”

১১ মামলার প্রত্যেকটিরই আসামি আজিজ। চার বছর আগে ভুয়া ঋণপত্রের মাধ্যমে হল-মার্ককে রূপসী বাংলা শাখা থেকে আড়াই হাজার কোটি টাকা ঋণ দেওয়ার সময় তিনি ছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংটির ওই শাখার ব্যবস্থাপক।

বৃহস্পতিবার শুনানিতে হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তার ভায়রা ও গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক জিএম মীর মহিদুর রহমান, সাবেক দুই ডিজিএম শেখ আলতাফ হোসেন ও মো. সফিজউদ্দিন আহমেদকে কারাগার থেকে হাজির করা হয়।

১১টি মামলায় ২৭ আসামির মধ্যে ২০ জন সোনালী ব্যাংকের কর্মকর্তা। বাকি সাতজন হল-গ্রুপের সঙ্গে যুক্ত। এর মধ্যে ১৭ আসামি এখনও পলাতক।

জামিনে থাকা আসামি তানভীরের স্ত্রী ও হল-মার্ক চেয়ারম্যান জেসমিন ইসলাম এবং সাবেক কর্মকর্তা আতিকুর রহমানও আদালতে হাজির ছিলেন।

Image
হল-মার্ক গ্রুপের প্রধান কার্যালয় (ফাইল ছবি)

হল-মার্ক গ্রুপের প্রধান কার্যালয় (ফাইল ছবি)

পলাতক আসামিরা হলেন- হল-মার্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যাপারেল এন্টারপ্রাইজের মালিক মো. শহিদুল ইসলাম, স্টার স্পিনিং মিলসের মালিক মো. আব্দুল বাছির, টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিয়া, সেঞ্চুরি ইন্টারন্যাশনালের মালিক মো. জিয়াউর রহমান, আনোয়ারা স্পিনিং মিলসের মালিক মো. জাহাঙ্গীর আলম, প্যারাগন গ্রুপের এমডি সাইফুল ইসলাম রাজা, নকশী নিটের এমডি মো. আবদুল মালেক, সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম ননী গোপাল নাথ (বর্তমানে ওএসডি), প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, ডিএমডি মাইনুল হক (বর্তমানে ওএসডি), দুই এজিএম মো. কামরুল হোসেন খান (সাময়িক বরখাস্ত) ও এজাজ আহম্মেদ, সহকারী উপমহাব্যবস্থাপক মো. সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন ও সোনালী ব্যাংক ধানমণ্ডি শাখার বর্তমান জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরি।

২০১৪ সালের ১৩ নভেম্বর আদালত পলাতক ১৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় ২৭ জনের বিরুদ্ধে এই ১১টি মামলা করে দুদক। আসামিদের বিরুদ্ধে ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

পুরনো খবর:

হল-মার্কের ২৬০ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
তদন্তে ঝুলে আছে হল-মার্ক ও ডেসটিনি কেলেঙ্কারি