আন্তর্জাতিক মহড়া থেকে ফিরেছে বিএনএস আবু বকর
পাঁচ দিনের আন্তর্জাতিক নৌ মহড়া শেষে বাংলাদেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর।
মঙ্গলবার সকাল পৌনে ৯টায় চট্টগ্রাম নৌবাহিনীর এক নম্বর জেটিতে বিএনএস আবু বকর এসে পৌঁছালে তাকে স্বাগত জানান নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবিব।
মালয়েশিয়ার লংকাউইতে অনুষ্ঠিত ‘লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড অ্যারোস্পেস এক্সিবিশন’ শীর্ষক এ মহড়ায় বিএনএস আবু বকরের অধিনায়ক ক্যাপ্টেন এম মাহমুদুল মালেকের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর ১৭ জন কর্মকর্তা, ১১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও ১৭২ জন নাবিক অংশগ্রহণ নেন।
১৭ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত এই মহড়ায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্র অংশ নিয়েছিল।
মহড়া শেষে প্রদর্শনীতে অংশ নেয় বিভিন্ন দেশের যুদ্ধাস্ত্র, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান।
এছাড়াও মেরিটাইম ও মহাকাশ বিষয়ক অনুষ্ঠিত সেমিনারে অংশ নেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব।
মহড়ায় অংশ নিতে গত ১২ মার্চ বাংলাদেশ ত্যাগ করে বিএনস আবু বকর। ফিরতি পথে মায়ানমারের ইয়াঙ্গুনে দুইদিনের শুভেচ্ছা সফর করে যুদ্ধজাহজটি।
