ঢাকায় পিকআপ উল্টে নিহত ১
রাজধানীর শাজাহানপুরে পিকআপ উল্টে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার এক প্রেস কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ছয় জন।
শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে শাহজাহানপুর মাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মশিউর রহমান (২৮) মানবকণ্ঠ প্রত্রিকার ‘অনামিকা প্রেসের’ সহকারী অপারেটর (সিপিপি) ছিলেন বলে ওই পত্রিকার প্রতিবেদক হরলাল সাগর জানান।
আহতরাও একই প্রেসের ও পিকআপের লোক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, গুরুতর অবস্থায় মশিউরকে হাসপতালে আনার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় আহত সুজন, শাহাদাৎ, বাহাদুর, খায়ের, রাসেল ও আজাদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সাংবাদিক সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশকোনায় দৈনিক মানবকণ্ঠের প্রেস থেকে পত্রিকা নিয়ে বিতরণের জন্য ওই পিকআপে চড়ে যাচ্ছিলেন মশিউরসহ অন্যরা।
“পথে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়ক দ্বীপে ধাক্কা খেয়ে উল্টে যায়। আশপাশের লোকেরাই আহতদের হাসপাতালে আনে।”
