‘ফাঁসির দাবি’ নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন গণজাগরণ মঞ্চের
যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের রায় অবিলম্বে কার্যকর করার দাবি এবং ‘জামায়াত-শিবিরমুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে গণজাগরণ মঞ্চ।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে হোটেল রূপসী বাংলার মোড় থেকে টিএসসি পর্যন্ত পতাকা নিয়ে শোভাযাত্রা করে মঞ্চের কর্মীরা। বিকালে শাহকাগে মঞ্চের আয়োজনে হয় ‘স্বাধীনতা কনসার্ট’, যাতে শিরোনামহীন, আর্টসেল, অবসকিউর, সহজিয়া, পাওয়ার সার্জ, ওল্ড স্কুল, কানেকটেডসহ ১৫টি ব্যান্ড দল গান পরিবেশন করে।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন সাজার প্রতিবাদে এই শাহবাগেই এক অভূতপূর্ব অহিংস আন্দোলন শুরু করে ছাত্র জনতা; গঠিত হয় গণজাগরণ মঞ্চ। পরে আপিল বিভাগের রায়ে জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি রায়ের দিনই শাহবাগে অবস্থান নিয়ে একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে আসছে গণজাগরণ মঞ্চ। জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকর করারও দাবি আসছেন মঞ্চের কর্মীরা।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত মাত্র একজন যুদ্ধাপরাধীর রায় কার্যকর হয়েছে। কামারুজ্জামানের রায় আদালত ঘোষণা করেছেন, কিন্তু এখনো কার্যকর হয়নি। আমরা অবিলম্বে কামারুজ্জামানসহ দণ্ডিত সকল যুদ্ধাপাধীর সর্বোচ্চ শাস্তি চাই।
দুপুর থেকেই কনসার্টের মঞ্চ তৈরিসহ অন্যান্য কাজ শুরু হয়। লোকসমাগম শুরু হয় সাড়ে ৩টার পর থেকে।
কনসার্ট শুরুর আগে পতাকা শোভাযাত্রায় সবার সামনে ছিল সপ্তম শ্রেণির ছাত্রী আকাশনীল নম্রতা। শারীরিকভাবে প্রতিবন্ধী নম্রতা হুইল চেয়ারে করেই শোভাযাত্রায় অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নম্রতা বলে, “আমি গণজাগরণ মঞ্চের শুরু থেকেই বিভিন্ন কর্মসূচিতে আসার চেষ্টা করেছি। শারীরিক অসুবিধার জন্য হয়তো অনেক সময় পারিনি, কিন্তু যখনই সুযোগ পেয়েছি, চলে এসেছি।”
নম্রতার মা গণজাগরণ মঞ্চের কর্মী সাঈদা সুলতানা অ্যানী পেশায় স্থপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মঞ্চের প্রতিটি কর্মসূচিতে আসার জন্যই ও উদগ্রীব থাকে। আজ ওর পিঠে ব্যাথা, তারপরও এসেছে।”
ইমরান বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বাধীনতা দিবস দিবস উদযাপনের ডাক দিয়ে গত বছরের মতো এবারও মঞ্চের পক্ষ থেকে কনসার্টের আয়োজন করা হয়েছে।
ডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উল্লাস বলেন, “আজ স্বাধীনতা দিবস। আর আজ আমার প্রিয় ব্যান্ড পাওয়ার সার্জ পারফরম করবে। এ কারণে এসেছি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী নওশীন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এসেছি মায়ার টানে। ২০১৩ সালে যখন মঞ্চ গঠিত হল- তখন প্রতিদিন এসেছি, স্লোগান দিয়েছি। মাঝখানে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, তাই আসা হয়নি। আজ আবার এলাম।”
পরিসংখ্যান বিভাগের ছাত্র লুৎফর রহমান সোহাগ বলেন, “আসলে আলোচনা সভা কিংবা সমাবেশের চেয়ে গান মানুষকে অনেক বেশি উদ্দীপ্ত করে। আমাদের প্রত্যাশা একটাই- যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচার বাংলার মাটিতে হবে।”
