আবার অটোরিকশায় ওড়না পেঁচিয়ে মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এবার এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার বিকালে পূর্ববাজার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিনা বেগম (২৬) উপজেলার কোন্দ্রা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে একই ধরনের দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন ভূঁইয়া জানান, বিকালে আলীগঞ্জ থেকে অটোরিকশায় হাজীগঞ্জ বাজারে যাচ্ছিলেন তিনি।
অটোরিকশাটি পূর্ববাজার ব্রিজের কাছে পৌঁছলে হাসিনা বেগমের ওড়না অটোরিকশার পিছনের চাকায় পেঁচিয়ে যায় এবং তিনি রাস্তায় পড়ে যান।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সংবাদ শুনে তার দুই সন্তান ও আত্মীয় পরিজন হাসপাতালে আসেন। পরে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
এ ধরনের মৃত্যুর কয়েকটি ঘটনা
গত বছরের ২৬ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নিহত হন পুলিশের এক নারী কনস্টেবলল।
এর আগে ২৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মারা যান এক স্কুল শিক্ষিকা।
২০ সেপ্টেম্বর রাতে রাজধানীর মান্ডায় মৃত্যু হয় এক গার্মেন্টকর্মীর।
একই বছরের ৮ জুলাই বাগেরহাট সদরে মৃত্যু হয় এক কলেজছত্রীর।
এছাড়া ২০১৩ সালের ২৩ জানুয়ারি রাজশাহীর পবা উপজেলায় নিহত হন এক কলেজছাত্রী।
