২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশায় ওড়না জড়িয়ে কলেজছাত্রীর মৃত্যু

রাজশাহীর পবা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 12:10 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার দুপুরে হরিপুর বাজারে এ দুর্ঘটনায় নিহত নাসরিন খাতুন (১৬) সাফিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি হরিপুর গ্রামের আবদুল গফুরের মেয়ে।

মহানগরীর রাজপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফেরদৌসী খাতুন বলেন, দুপুরে নগরীর কাশিয়াডাঙা থেকে প্রাইভেট পড়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন নাসরিন।

হরিপুর বাজারে অটোরিকশার চাকার সঙ্গে ওড়নার জড়িয়ে গেলে নাসরিন ছিটকে রাস্তায় পড়ে যান। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এএসআই।