২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চলতি শতাব্দির চ্যালেঞ্জ পানি ব্যবস্থাপনা’

একবিংশ শতাব্দিতে নগরাঞ্চলে পানির ব্যবস্থাপনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 01:09 AM

Updated : 25 Apr 2022, 01:09 PM

তারা বলছেন, এর সাফল্য ও ব্যর্থতার ওপরই নির্ভর করছে ২০১৫ পরবর্তী জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা।

এজন্য পানি সম্পদের পরিকল্পিত ব্যবহার, পানি নীতিমালার সঠিক প্রয়োগ এবং পানির ব্যবহারের মাত্রা ও বাধা সুনির্দিষ্ট করে পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।

২২ মার্চ রোববার বিশ্ব পানি দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

এতে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে বিশ্বে ব্যবহার্য পানির পরিমান বর্তমানের তুলনায় ৪০ শতাংশ হ্রাস পাবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিস্থিতি আরও বেশি অনিশ্চিত হওয়ার আশংকার প্রেক্ষিতে এ বছর বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পানি ও টেকসই উন্নয়ন।

এ বছর বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় এনে বিশ্ব পানি দিবসের স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘পানির সহজ প্রাপ্তি, টেকসই উন্নয়নের ভিত্তি’।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড হাইড্রোলজি বিভাগের উপপরিচালক ড. আনোয়ার জাহিদ।

তিনি বলেন, “বাংলাদেশে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের বিষয়টি খুবই দুর্বল। পর্যাপ্ত তথ্য থাকলেও বিভিন্ন সংস্থার মধ্যে এগুলো বিক্ষিপ্ত ভাবে থাকার কারণে এসব তথ্য সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না। ইউনিয়ন পর্যায়েও এখন পানি সংক্রান্ত অনেক ধরণের তথ্য সংগৃহিত হচ্ছে, কিন্তু এগুলোর  সমন্বিত প্রয়োগ ও ব্যবহারের অভাবের ফলে সুফল পাওয়া যাচ্ছে না।”

বর্তমানে বাংলাদেশে ভূ-পৃষ্ঠের উপরিস্থ পানির (সারফেস ওয়াটার) ব্যবহার আশংকাজনকভাবে কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, “ঢাকা শহরে ১৯৭০ সালে মাত্র ৪৯টি গভীর নলকূপ থাকলেও বর্তমানে সে সংখ্যা ৬৯০টিতে এসে ঠেকেছে।  ১৯৭০ সালের দিকে মাত্র এক মিটার মাটির গভীরেও ঢাকায় পানি পাওয়া যেত। কিন্তু ২০১৪ সালে এসে ঢাকার কোনো কোনো জায়গায় ৭০ মিটার পর্যন্ত পানির সন্ধান পাওয়া যাচ্ছে না।”

এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এস এম এ রশিদ বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনার সমস্যাগুলো এবং সেগুলো সমাধঅনের উপায় ও পানির চাহিদা সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় আনার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভ্যান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. এ. আতিক রহমান।

তিনি বলেন, “আমাদের দেশে উন্নয়ন দ্রুত দরকার। তবে পরিবশেগতভাবে সুষ্ঠু এবং সামাজিকভাবে ন্যায়সঙ্গত হচ্ছে কিনা সেটিও খেয়াল রাখতে হবে।”

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেদা আহসান জানান, “জাতিসংঘ ঘোষণায় বলা আছে, নিরাপদ পানি মানবধিকারের অন্তর্ভুক্ত। কিন্তু বাংলাদেশে শতভাগ জনগণকে এখনো নিরাপদ পানির আওতায় আনা সম্ভব হচ্ছে না। বাড়তি জনসংখ্যার চাপে অতিরিক্ত উন্নয়ন কর্মকাণ্ডে পানির ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গেছে।”

এছাড়া আর্সেনিকের ফলে বাংলাদেশের জিডিপি প্রতিবছর শূন্য দশমিক পাঁচ ভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

পানির সঙ্গে নিবিড়ভাবে স্বাস্থ্যসমস্যা জড়িত উল্লেখ করে আইসিডিডিআর,বির এমিরিটাস বিজ্ঞানী ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ৫০টি নিরাময়যোগ্য জটিল রোগের মধ্যে ৪০টিই পানিবাহিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজস্টার ম্যানেজমেন্ট অ্যঅন্ড ভালনারেবল স্টাডিজের অধ্যাপক মাহবুবা নাসরিন বলেন, “১৯৮৭-৮৮ সালের বন্যায় আমাদের হাতে প্রাতিষ্ঠানিক কোনো তথ্য ছিল না। বর্তমানে আমরা অন্তত তথ্যের দিক থেকে অনেক সমৃদ্ধ হয়েছি। এর সঠিক ব্যবহার আমাদের পানি সংক্রান্ত সমস্যার মোকাবেলায় সক্ষম করে তুলছে।”