নারায়ণগঞ্জের মেয়র আইভীকে গ্রেপ্তারের দাবি
স্বজনপ্রীতি এবং দুর্নীতির অভিযোগ তুলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ‘সচেতন নারায়ণগঞ্জবাসীর’ ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে হয়। এতে অংশগ্রহণকারীদের বড় অংশই বয়সে তরুণ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফতুল্লার পঞ্চবটিতে পার্ক নির্মাণের জন্য জমিটি আয়তন ৬ দশমিক ২ একর হলেও আইভী সংসদে ওই জমিটির আয়তন ৭ একর বলে জানা।
তাদের অভিযোগ, মেয়র আইভী ক্ষমতার অপব্যবহার করে রাজউকের অধিগ্রহণকৃত জমিতে বহুতল মার্কেট নির্মাণ করে দোকানপাট তার আস্থাভাজন ও স্বজনদের বরাদ্দ দিয়েছেন।
এসব অভিযোগে মেয়র আইভীকে সসম্মানে এখনই পদত্যাগের আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শহরের চাষাঢ়া পঞ্চায়েত কমিটির যুগ্ম সম্পাদক ও আর্মি মার্কেট কমিটির সভাপতি নূরুল হুদা, পাপন সরকার, মিলন মাহমুদ. সাব্বির, আবুল কাশেম, আবদুর রশিদ, কামাল আহমেদ ও আবদুর রশিদ কালু।
ইতিমধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে জাতীয় সংসদে ভুল ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ তদন্তে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কমিটি গঠন করেছে বলে গণমাধ্যমে খবর বের হয়েছে।
