আদালতে ‘বোমা হামলাকারী’ আরেকজনের স্বীকারোক্তি
খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি পরোয়ানা জারির আদেশদানকারী বিচারকের এজলাসের বারান্দায় ‘বোমা হামলাকারী’ আরেকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হকের কাছে জবানবন্দি দেওয়া মুস্তাফিজ ওই বিস্ফোরণে সরাসরি জড়িত বলে পুলিশ দাবি করেছে।
দুপুর থেকে বিকাল পর্যন্ত জবানবন্দি নিয়ে মুস্তাফিজকে কারাগারে পাঠিয়ে দেন বিচারক।
এর আগে গত বৃহষ্পতিবার মহানগর হাকিম মো. ওয়ায়েজ কুরুনী খান চৌধুরীর কাছে জবানবন্দি দিয়েছিলেন সোহেল রানা নামে আরেকজন, যিনি ওই বোমাটি তৈরি করেছিলেন বলে পুলিশের দাবি।
গত ১২ মার্চ বিকালে ঢাকা মহানগর হাকিম আদালতের পুরনো ভবনের নিচতলায় মহানগর হাকিম এস এম মাসুদ জামানের এজলাসের বারান্দায় দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
হাকিম এস এম মাসুদ জামান গত ১ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তল্লাশি চালানোর পরোয়ানা জারি করেছিলেন।
মোবাইল ফোনের মাধ্যমে বোমাটি ফাটানো হয় বলে সেদিনই পুলিশ জানিয়েছিল। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোনের কয়েকটি টুকরা, কাগজের তৈরি পাইপ, কিছু বৈদ্যুতিক তার ও পটকায় ব্যবহৃত কাগজের টুকরা উদ্ধার করা হয়েছিল।
বিস্ফোরণের সময় হাকিম এজলাসে ছিলেন না। এ ঘটনায় কেউ আহতও হননি।
বিস্ফোরণের পর অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের একজন কর্মচারী।
