ঢাকার আদালতে বোমা ‘হামলাকারীর’ স্বীকারোক্তি
বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে এক সপ্তাহ আগে ঢাকার আদালতে বোমাহামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. ওয়ায়েজ কুরুনী খান চৌধুরীর খাসকামরায় দুপুর থেকে বিকাল পর্যন্ত জবানবন্দি দেন সোহেল রানা (২৮) নামে ওই যুবক।
বোমাহামলার ওই মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজেকে ও অন্য কয়েকজনকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সোহেল রানা।”
১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার পর সোহেলকে কারাগারে পাঠিয়ে দেন হাকিম ওয়াজে কুরুনী।
সোহেলকে বুধবার পুরান ঢাকার গেন্ডারিয়া থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি ওই এলাকায়।
গত ১২ মার্চ বিকালে ঢাকা মহানগর হাকিম আদালতের পুরনো ভবনের নিচতলায় মহানগর হাকিম এস এম মাসুদ জামানের এজলাসের বারান্দায় দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
হাকিম এস এম মাসুদ জামান গত ১ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তল্লাশি চালানোর পরোয়ানা জারি করেছিলেন।
পুলিশ জানিয়েছে, যে মোবাইল ফোনের মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়েছিল, তার মালিক ছিলেন সোহেল। তিনিই এই বোমাটি তৈরি করেছিলেন।
অবরোধ ও হরতাল সমর্থক কয়েকজন নেতার কাছ থেকে অর্থ নিয়ে সোহেল এই বোমাটি তৈরি করেন বলে পুলিশ কর্মকর্তা পারভেজ দাবি করেন।
মোবাইল ফোনের মাধ্যমে বোমাটি ফাটানো হয় বলে সেদিনই পুলিশ জানিয়েছিল। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোনের কয়েকটি টুকরা, কাগজের তৈরি পাইপ, কিছু বৈদ্যুতিক তার ও পটকায় ব্যবহৃত কাগজের টুকরা উদ্ধার করা হয়েছিল।
বিস্ফোরণের সময় হাকিম এজলাসে ছিলেন না। এ ঘটনায় কেউ আহতও হননি।
বিস্ফোরণের পর অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের একজন কর্মচারী।
