রাষ্ট্রপতির সঙ্গে ‘ইনার হুইল’ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক নারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইন্টারন্যাশনাল ইনার হুইল’র একটি প্রতিনিধি দল।
শনিবার সংগঠনটির প্রেসিডেন্ট আভা গুপ্তের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।
সাক্ষাতের সময় প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে জানায়, তাদের সংগঠন প্রধানত দুই ক্ষেত্রে কাজ করে। তা হল নারীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সুবিধাবঞ্চিতদের মধ্যে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।
তারা রাষ্ট্রপতিকে আরও জানান, ইনার হুইল পৃথিবীর ১০৩টিরও বেশি দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে। সারা পৃথিবীতে তাদের এক লাখের বেশি সদস্য রয়েছে, যার মধ্যে বাংলাদেশেই রয়েছে ১ হাজার।
রোটারি ক্লাবের সমাজসেবা মূলক কার্যক্রমে তারা অংশ গ্রহণ করে বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।
রাষ্ট্রপতি ইনার হুইলের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের কার্যক্রম সম্প্রসারিত করার আহ্বান জানান।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-রুজিনা আফজাল, দিলরুবা আহমেদ, খালেদা আওয়াল, শারমিন হোসেন এবং মাহবুবা হেলেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা এ সময় উপস্থিত ছিলেন।
