টেকসই জ্বালানি খাতের জন্য বিকল্প খোঁজার তাগিদ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন ও সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন নতুন বিকল্প খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
তিনি বলেছেন, এ খাতের নিরাপত্তা ও স্থায়িত্বের (সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবলিটি) বিষয়টি সব সময় আপেক্ষিক। সময় ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায় বলে বিদ্যুৎ-জ্বালানি খাতকে টেকসই করে গড়ে তুলতে হলে নতুন কৌশলের সন্ধান প্রয়োজন।
শুক্রবার বিদ্যুৎ ভবনে দুই দিনব্যাপী ‘সেক্টর লিডার্স ওয়ার্কশপ-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
অঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহেণে পঞ্চমবারের মতো এই কর্মশালার আয়োজন করে বিদ্যুৎ বিভাগ।
কর্মশালায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তৌফিক-ই-ইলাহী বলেন, পরস্পরের মধ্যে নিজেদের ভাবনা ও ধারণাগুলো বিনিময় করলে নতুন নতুন উপায় বেরিয়ে আসবে।
এ বিষয়ে কাজ করতে ইতোমধ্যে ‘এনার্জি রিসার্চ কাউন্সিল’ গঠনের একটি আইন হয়েছে বলেও জানান তিনি।
“কাজ যদি ভালো হয়, যদি এর মাধ্যমে দেশ দীর্ঘমেয়াদে উপকৃত হয়, তাহলে অবশ্যই যারা এসব কাজের নেতৃত্ব দেবেন তাদের এক সময় স্মারণ করা হবে, মানুষ তাদের খোঁজ নেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, যিনি বিদ্যুৎ বিভাগের সচিব থাকা অবস্থায় ২০১০ সাল থেকে এ ধরনের কর্মশালা চালু করেছিলেন।
বিদ্যুৎ-জ্বালানি খাতের উন্নয়নে নতুন নতুন পথ খুঁজে বের করতে এ ধরনের কর্মশালার ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন তিনি।
আজাদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির ওপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থা আরও শক্তিশালী করার উপায় বের করতে হবে। বিদ্যুতের ব্যয় কমাতে প্রি-পেইড মিটার চালু করতে হবে।
অনুষ্ঠানে ‘সাসটেইনেবল এনার্জি সিকিউরিটি: অপশনস ফর বাংলাদেশ’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম।
দুই দিনের এই কর্মশালায় বিভিন্ন ধাপে আলোচনাপত্র উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ, বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব সরওয়ারসহ অন্যরা।
