চট্টগ্রামে কলেজ থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারে ৩ মামলা
ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম ও মহসিন কলেজে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার চকবাজার থানায় অস্ত্র আইনে দুটি ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার ওসি আতিক আহাম্মেদ চৌধুরী।
চট্টগ্রাম কলেজে অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি এবং মহসিন কলেজে ধারাল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় অন্য মামলা দুটি হয়।
পুলিশ কর্মকর্তা আতিক বলেন, গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে করা তিনটি মামলায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত দুটি কলেজের চারটি ছাত্রাবাস ও আশপাশের পাহাড় এবং স্থাপনায় টানা ১৪ ঘণ্টা অভিযান চালিয়ে মোট ৮২ জনকে আটক ও বিভিন্ন ধরনের নয়টি আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্র ও বিস্ফোরক মজুদ রাখার সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের তিনটি মামলায় আসামি করা হয়েছে।
“এছাড়া বিভিন্ন সময়ে নগরীর নাশকতার ঘটনায় ভিডিও ফুটেজ যাচাই করে এবং আগের মামলা তদন্তে আটককৃতদের নাম আছে কি না, তা যাচাই করা হচ্ছে।”
ওই সব ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের অন্যসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তা রউফ।
রাত ২টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ও শেরে বাংলা ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৭২ শিবিরকর্মীকে আটক করা হয়।
অভিযানকালে ছাত্রাবাসের পাশে চট্টগ্রাম কলেজ স্টাফ কোয়ার্টার এলাকায় একটি গর্তে দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি দাবির ব্যানার মোড়ানো অবস্থায় একে-২২ রাইফেলসহ নয়টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় বলেও জানান রউফ।
এর মধ্যে রয়েছে-একটি থ্রি নট থ্রি রাইফেল, তিনটি পিস্তল, তিনটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, প্রায় ১০০ রাউন্ড গুলি ও পাঁচটি রকেট ফ্লেয়ার।
চট্টগ্রাম কলেজের পর পাশের মহসিন কলেজের ‘মহসিন মুসলিম ছাত্রাবাস’ ও নতুন ছাত্রাবাস এবং সংলগ্ন দুর্গম পাহাড়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান চালায়।
অভিযানে অংশ নেয়া নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, মহসিন কলেজের ছাত্রাবাসে কাউকে পাওয়া না গেলেও পেছনের একটি পাহাড়ের প্রায় ১০০ ফুট গভীর একটি গুহা থেকে আটজনকে আটক করা হয়।
এদের মধ্যে সাতজন ওই কলেজের এবং বাকি একজন অন্য একটি কলেজের শিক্ষার্থী।
মহসিন কলেজের বিভিন্ন পাহাড় ও কলেজের পুরনো ক্যান্টিন, যেখানে বর্তমানে যুব রেডক্রিসেন্ট ও বিএনসিসি নৌ শাথার কার্যালয় রয়েছে। সেখান থেকে জর্দ্দার কৌটা, পেরেক, বিয়ারিংসহ হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
আর বিএনসিসি নৌ-শাখার কার্যালয়ের সামনের একটি নালায় বিভিন্ন স্থানে কয়েকটি চটের বস্তা মোড়ানো অবস্থায় পাঁচটি কিরিচ, বিস্ফোরক দ্রব্য ও পেট্রোল পাওয়া যায়।
এই ভবনটির পাশে পাহাড়ি এলাকা থেকেও হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ, গ্লাভস ও হেলমেট উদ্ধার করা হয়, যেখানে বোমা তৈরি হত বলে নিশ্চিত হয়েছে পুলিশ কর্মকর্তারা।
